নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসছে উৎসবের মরশুম। এমন প্রেক্ষাপটে গুরুগ্রামের ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে দিল্লি পুলিশ। সেইমতো ‘রোড রেজ’ নিয়ে আরও সতর্ক হচ্ছে দেশের রাজধানী শহরের পুলিশ-প্রশাসন। জানা যাচ্ছে যে, রাতের রাজপথে নির্ধারিত সীমার তুলনায় বেশি জোরে গাড়ি, বাইক চালালেই তাকে ‘চেজ’ করবেন পুলিশ কর্মীরা। এমনকি বেশি রাতে সিগন্যালেও থাকবে কঠোর নজরদারি। সিগন্যাল না মানলে মুহূর্তেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। এমনিতে দিল্লিতে বিভিন্ন রাস্তায় নির্ধারিত গতি সীমা আছে। দিনে মোটামুটিভাবে তা মেনে চললেও রাতে অনেক সময়ই গাড়ি এবং বাইক চালকদের একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুধুই উচ্চ গতিতে গাড়ি, বাইক চালানো নয়। অধিকাংশ সময়েই সিগন্যালও মানা হয় না। ফলে দুর্ঘটনার আশঙ্কা যেমন থাকে, তেমনই ‘রোড রেজ’ও বৃদ্ধি পায়। এতেই রাশ টানছে পুলিশ।



