নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় চিন্তা বাড়াচ্ছে কুষ্ঠ। সেপ্টেম্বর মাসে প্রায় দুই সপ্তাহ ধরে এই রোগ চিহ্নিতকরণের জন্য আটটি ব্লকে বাড়ি বাড়ি অভিযান চালিয়েছিলেন আশা কর্মীরা। তাদের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, অন্তত ৮০ জনের এই রোগ থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে তাঁদের পরীক্ষা করানো হচ্ছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই স্বাস্থ্য জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৭০। চিকিৎসকরা মনে করছেন, নতুন করে ওই গ্রামবাসীদের অনেকেরই শরীরেও এই জীবাণু পাওয়া যাবে। সেক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে কুষ্ঠ রোগের সার্বিক সংখ্যা। মুখ্য স্বাস্থ্য অধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, অনেককেই সন্দেহ করা হয়েছে। এটা এক দিক দিয়ে ভালো। কারণ দ্রুত এই রোগ চিহ্নিতকরণ করে চিকিৎসা শুরু করে দেওয়া যাবে। এই অভিযান আটটি মাত্র ব্লকে হয়েছিল। অন্যান্য ব্লকেও যাতে এমন কর্মসূচি নেওয়া যায়, তার জন্য স্বাস্থ্য দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।



