সংবাদদাতা, আলিপুরদুয়ার: অবশেষে মঙ্গলবার রাতে মাঝেরডাবরি চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এদিন রাত ১০টা নাগাদ ওই বাগানের চার নম্বর সেকশনে পাতা খাঁচায় একটি স্ত্রী চিতাবাঘ ধরা পড়ে। এতে আলিপুরদুয়ার জেলা সদরের পাশে ওই চা বাগানের শ্রমিকদের ও বাগান কর্তৃপক্ষের স্বস্তি ফিরল। রাতেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা গিয়ে খাঁচাবন্দি চিতাবাঘটিকে নিয়ে যান। চার নম্বর ছাড়াও ওই বাগানের অন্য সেকশনে ছাগলের টোপ দিয়ে বনদপ্তর আরও তিনটি খাঁচা পেতেছে।
মাঝেরডাবরি চা বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর বলেন, একটি চিতাবাঘ ধরা পড়ায় এখন অনেকটাই স্বস্তি। তবে, বাগানের নালায় শাবক সহ আরও কয়েকটি স্ত্রী চিতাবাঘ ঘাপটি মেরে বসে রয়েছে। বনদপ্তর আমাদের বাগানে চারটি খাঁচা পেতেছে।
চিতাবাঘের আতঙ্কে ১৫ দিন ধরে সিঁটিয়ে রয়েছেন শ্রমিকরা। চিতাবাঘের হামলায় ইতিমধ্যে দুই মহিলা শ্রমিক সহ তিনজন জখম হয়েছেন। চিতাবাঘের আতঙ্কে বাগানের স্বাভাবিক কাজকর্মও বিঘ্নিত হচ্ছিল। তাই বাগানে ঘন ঘন পটকা ফাটিয়ে ও টিন বাজিয়ে একটু নিশ্চিন্ত হয়ে শ্রমিকরা পাতা তোলার কাজ করছেন। চিতাবাঘ থেকে শ্রমিক সহ সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাগান কর্তৃপক্ষ ছায়াগাছে সতর্কীকরণ হোর্ডিংও লাগিয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপ ক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে বলেন, রাতেই চিতাবাঘটিকে বক্সার গভীর সংরক্ষিত জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র।