নির্বাচনের জয়কেই চ্যালেঞ্জ করে মামলা, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা মুখ্যমন্ত্রী বিজয়ের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: নির্বাচনি হলফনামায় আয় ও সম্পত্তির তথ্য গোপন। ভোটারদের উপর প্রভাব বিস্তার। এমনই অভিযোগ তুলে পেরাম্বুর বিধানসভা আসনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের জয়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল। এরপর তড়িঘড়ি তা খারিজের আরজি জানান টিভিকে সুপ্রিমো। কিন্তু বিজয়ের আবেদনে সাড়া দিল না মাদ্রাজ হাইকোর্ট। শুক্রবার মামলা খারিজের দাবি প্রত্যাখ্যান করে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণন জানান, আয় ও সম্পদ গোপনের বিষয়টির শুনানি হওয়া প্রয়োজন। অভিযোগের সারবত্তা রয়েছে। বিচারের মাধ্যমে তা খতিয়ে দেখা সম্ভব। তাই এখনই খারিজের কোনো প্রশ্ন ওঠে না। 

Advertisement

এস দীনেশ নামে পেরাম্বুর বিধানসভার এক ভোটার বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, হলফনামায় ইচ্ছাকৃতভাবে সম্পত্তির তথ্য গোপন করেছেন বিজয়। এবছর জানুয়ারি মাসে পানরুটিতে ৩০ কোটি টাকায় ৩ একর জমি কেনেন তিনি। কিন্তু হলফনামায় তা উল্লেখ করা হয়নি। চেন্নাইয়ের পাদিতে ৩৫ কোটি টাকায় বিক্রি হওয়া সম্পত্তির তথ্যও সঠিকভাবে তুলে ধরা হয়নি। কোদাইকানালে একটি জমিকে নিজের নামে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। শুনানি চলাকালীন পালটা বিজয়ের আইনজীবীর বক্তব্য, সামান্য অভিযোগের ভিত্তিতে এই ধরনের 
বড়ো জয় বাতিল করা যায় না। ভোটাররা জানেন, তাঁর মক্কেল ধনী পরিবারের। নিজেও বিত্তবান। হলফনামায় ৬০০ কোটি টাকার বেশি সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে। ছোটখাটো প্রযুক্তিগত অসঙ্গতি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে না। যদিও তাতে সন্তুষ্ট হননি বিচারপতি। মামলাটি চালিয়ে যাওয়ার পক্ষেই নির্দেশ দিয়েছেন তিনি।