Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যমগ্রামে পথ অবরোধ বামেদের, প্রতিবাদ সাধারণ মানুষের, ধুন্ধুমার

বিকাশ ভবন অভিযান ইস্যুতে পথ অবরোধ ঘিরে শনিবার বিকালে ধুন্ধুমার কাণ্ড ঘটল মধ্যমগ্রামে।

মধ্যমগ্রামে পথ  অবরোধ বামেদের, প্রতিবাদ সাধারণ  মানুষের, ধুন্ধুমার
  • ১৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিকাশ ভবন অভিযান ইস্যুতে পথ অবরোধ ঘিরে শনিবার বিকালে ধুন্ধুমার কাণ্ড ঘটল মধ্যমগ্রামে। বামেদের বিক্ষোভ ও অবরোধে আটকে থাকা সাধারণ মানুষ এর প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়ায়। অবরোধ তুলতে গেলে পুলিসের সঙ্গে বচসা, ধস্তাধস্তি হয় বাম নেতা-কর্মীদের। পরে অবশ্য অবরোধকারীদের হটিয়ে দিয়ে ব্যস্ত যশোর রোড যান চলাচল স্বাভাবিক করে মধ্যমগ্রাম থানার পুলিস। শনিবার মধ্যমগ্রামে মিছিল করেন বামেদের বিভিন্ন সংগঠনের কর্মীরা। বিকেলে সোদপুর রোড থেকে প্রতিবাদ মিছিল করে বাম নেতাকর্মীরা এসে পৌঁছন মধ্যমগ্রাম চৌমাথায়। সেখানে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভে যানজটের সৃষ্টি হয় ব্যস্ত যশোর রোডে। এমনিতেই গরমে হাসফাঁস অবস্থা মানুষের। তার উপর সপ্তাহন্তে বিক্ষোভের জেরে আটকে পড়েন অফিস ফেরত কর্মী থেকে সাধারণ মানুষ। এরপর বাস থেকে নেমে যাত্রী ও সাধারণ মানুষ অবরোধের প্রতিবাদ করেন। তখনই শুরু হয় বচসা। পরে মধ্যমগ্রাম থানার পুলিস অবরোধ তুলতে আসে। পুলিসের সঙ্গেও বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম নেতা-কর্মীরা। পরে অবশ্য বামেদের হটিয়ে দেয় পুলিস। এসএফআইয়ের জেলা সম্পাদক আকাশ কর বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কিন্তু তৃণমূলের লোকজন এসে তাতে বাধা দেয়। এই প্রসঙ্গে মধ্যমগ্রাম পুরসভার ভাইস-চেয়ারম্যান প্রকাশ রাহা বলেন, বামেরা ব্যস্ত যশোর রোড অবরোধ করে মানুষকে দুর্ভোগের মুখে ফেলেছে। মানুষ প্রতিবাদ করেছেন। এখানে তৃণমূলের কোনও ব্যাপারই নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ