Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের জন্য কমিউনিটি কিচেন চালু করল বামেরা

হাবড়ায় রেলের উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের জন্য সিপিএম কমিউনিটি কিচেন চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হচ্ছে। বিস্তারিত পড়ুন।

হাবড়ায় উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের জন্য কমিউনিটি কিচেন চালু করল বামেরা
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়া স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযানের পর চেনা ছবি এখন অতীত। অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করেছে হাজারের বেশি পরিবারকে। সেই সঙ্গে উচ্ছেদের জেরে রেলের জায়গায় বসবাস করা কয়েকশো পরিবার বাস করছে খোলা আকাশের নীচে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হাবড়া স্টেশন সংলগ্ন এলাকায় কমিউনিটি কিচেন চালু করল সিপিএম। 

Advertisement

করোনার সময়ও সাধারণ মানুষের জন্য কমিউনিটি কিচেন চালু করেছিল বামেরা। এবার রেলের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হকার ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতেই ফের সেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি দলের। দুপুর থেকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। অনেকেই বলছেন, আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত এই মুহূর্তে একবেলা খাবারের ব্যবস্থা কিছুটা স্বস্তি দিচ্ছে। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য সত্যসেবী কর বলেন, ক্ষতিগ্রস্ত হকার ব্যবসায়ী এবং তাঁদের পরিবারের কথা ভেবে এই কমিউনিটি কিচেন চালু করা হয়েছে মঙ্গলবার থেকে। কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি। তবে বামেদের এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলের কটাক্ষ, রেলের উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে। আর এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে চাইছে সিপিএম। হকারদের ঢাল করে প্রচারের আলোয় আসতে চাইছে। সোমবার রাতে উচ্ছেদের সময় বুলডোজার অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল সিপিএম। কিন্তু শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান থামানো যায়নি। জীবিকা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। মাথায় ছাদ হারিয়েছে কয়েকশো পরিবার। এক বৃদ্ধার কথায়, সোনার বাংলা গড়তে গিয়ে আজ পথের ভিখারি আমরা। ভোটের সময় বিজেপি অনেক কথা বলেছিল। বিধায়কের কাছে গিয়েও কাজ হয়নি। দুর্দিনে পাশে দাঁড়িয়েছে সিপিএম।

Advertisement
সম্পর্কিত সংবাদ