নিজস্ব প্রতিনিধি, বারাসত: আইএসএফ ছেড়ে সিপিএমে যোগদান। আর সেই ‘অপরাধে’ বুধবার রাতে এক যুবককে মারধরের অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বারাসত মেডিকেল কলেজে ও হাসপাতালে ভরতি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শাসন থানার পুলিশ। আক্রান্তের নাম নাজিবুল শাহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাজিবুল আগে আইএসএফের সঙ্গে যুক্ত ছিলেন। মাসখানেক আগে তিনি সিপিএমে যোগ দেন। অভিযোগ, তারপর তাঁকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হচ্ছিল। বুধবার রাতে চক আমিনপুরে নাজিবুলের উপরে চড়াও হন কয়েকজন। বাঁশ ও লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বারাসত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে আইএসএফ নেতৃত্বের দাবি, ব্যক্তিগত আক্রোশের ঘটনায় রাজনীতির রং দেওয়া হচ্ছে। ঘটনা খতিয়ে দেখছে শাসন থানার পুলিশ। নিজস্ব চিত্র



