নয়াদিল্লি: স্বামীকে ছেড়ে দু’বছর আগে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন বিহারের নওয়াদার বাসিন্দা ছোটি কুমারি। প্রেমিক ঋষভ কুমারের সঙ্গে থাকতে শুরু করেছিলেন দমনে। তবে তাঁদের সেই লিভ-ইন সম্পর্ক সুখের হল না। ট্রলি ব্যাগে ভরা ছোটির ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে সোমবার। ঋষভের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের পরই ঋষভের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ছোটির। একদিন ছোটি ঘর ছাড়ে। এরপর অপহরণ এবং নিখোঁজের মামলা দায়ের করে তাঁর পরিবার। তবে ছোটি আর ফিরে আসেনি। সম্প্রতি রাস্তার ধারে একটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখে দমন পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ব্যাগ খুলে একটি ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। এরপর তদন্তে নেমে ছোটির কথা জানতে পারে পুলিশ।



