নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা লিগে তিন প্রধান ম্যাচ খেলছে নৈহাটি, বারাকপুর ও কল্যাণীতে। তবে আগামী ১৯ জুলাই মুখোমুখি হবে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। মর্যাদার ডার্বি হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে। ফ্লাডলাইটে বিকেল ৫টায় হবে ম্যাচ। অতীতে বহু খেলা হয়েছে এই স্টেডিয়ামে। কল্যাণীতেই ২০১৯ সালে আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহন বাগান। তবে বড় ম্যাচ কখনও হয়নি। এর আগে ২০১৭ সালের ঘরোয়া লিগের ডার্বি হওয়ার কথা ছিল কল্যাণীতে। তবে সেবার মোহন বাগান ওয়াকওভার দেওয়ায় মাঠে বল গড়ায়নি। উল্লেখ্য, ডুরান্ড কাপের জন্য কলকাতার মাঠ এখন সেনাবাহিনীর দখলে। ফলে যুবভারতী ক্রীড়াঙ্গন পাচ্ছে না আইএফএ। সেক্ষেত্রে কল্যাণীকেই ডার্বির ভেন্যু হিসেবে বেছে নিয়েছে রাজ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কারণ, নৈহাটি ও বারাকপুর স্টেডিয়ামের থেকে দর্শক আসন সংখ্যা বেশি কল্যাণীতে। আর ডার্বি হলে দুই প্রধানের সমর্থকদের জন্য আলাদা গ্যালারির ব্যবস্থা করা আবশ্যক।



