Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

মূল অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি, কাল লালবাজার অভিযান আইনজীবীদের, ওসির ভূমিকায় ক্ষোভ, চলছে কর্মবিরতি

ব্যাঙ্কশাল কোর্ট নিগ্রহ কাণ্ডে ‘পলাতক’ মূল অভিযুক্ত কুশল পান্ডেকে গ্রেপ্তারের দাবিতে আগামী কাল বৃহস্পতিবার লালবাজার অভিযানের ডাক দিলেন আইনজীবীরা।

মূল অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি, কাল লালবাজার অভিযান আইনজীবীদের, ওসির ভূমিকায় ক্ষোভ, চলছে কর্মবিরতি
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্কশাল কোর্ট নিগ্রহ কাণ্ডে ‘পলাতক’ মূল অভিযুক্ত কুশল পান্ডেকে গ্রেপ্তারের দাবিতে আগামী কাল বৃহস্পতিবার লালবাজার অভিযানের ডাক দিলেন আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী সংগঠনের কর্তারা। তাঁরা বলেন, ওইদিন দুপুর ১২টা নাগাদ ব্যাঙ্কশাল স্ট্রিট থেকে মিছিল করে তাঁরা লালবাজার অভিযানে অংশ নেবেন। তাঁদের অভিযান হবে শান্তিপূর্ণ। আইনজীবী সংগঠনের কর্তা রাজা সেনগুপ্ত বলেন, ‘এই অভিযানে রাজ্যের সব আদালতের আইনজীবীদের অংশ নিতে আবেদন করা হবে। ইতিমধ্যেই কলকাতা ও আশপাশের জেলার বিভিন্ন কোর্টের আইনজীবী সংগঠন এ বিষয়ে সহমত প্রকাশ করে পাশে থাকার আশ্বাস দিয়েছে। আইনজীবীদের বক্তব্য, কুশল পান্ডেকে পুলিশ গ্রেপ্তার করা না পর্যন্ত তাঁদের কর্মবিরতি জারি থাকবে।’

Advertisement

এদিন সাংবাদিক বৈঠকে মামলার নথিপত্র দেখিয়ে আইনজীবী সংগঠনের কর্তারা বলেন, ‘এফআইআরে নাম থাকা কুশল পান্ডের বিরুদ্ধে এই আদালতেই ১৬টি ফৌজদারি মামলা রয়েছে। অধিকাংশ মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। কয়েকটি মামলায় আবার আদালত হুলিয়াও জারি করেছে।’ এমন এক অভিযুক্তকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ কেন গড়িমসি করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আইনজীবী সংগঠনের দুই কর্তা সঞ্জয় সিং ও প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবী নিগ্রহের দিন কুশল পান্ডে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। অথচ হেয়ার স্ট্রিট থানার পুলিশ সব কিছু জেনেও চোখ বুজে রয়েছে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের অভিযোগ, ‘গত বৃহস্পতিবার কোর্ট চত্বরে হেয়ার স্ট্রিট থানার ওসি হাজির ছিলেন। তাঁর চোখের সামনে সব কিছু ঘটলেও তিনি কুশলকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। অথচ আমরা প্রথম থেকেই এই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছি।’
মঙ্গলবার আইনজীবীদের কর্মবিরতি ছ’দিনে পড়ল। এর ফলে সাধারণ বিচারপ্রার্থীরা চরম সমস্যায় পড়েছেন। হাজার হাজার মামলার শুনানি থমকে রয়েছে। বহু বিচারপ্রার্থী কোর্টে এসেও ফিরে যাচ্ছেন। মঙ্গলবার এই ইস্যুতে আইনজীবীরা অফিসপাড়ার বিস্তীর্ণ এলাকা চার ঘণ্টা অবরোধ করেন।
তার জেরে হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েন। এবার পুজোর মুখে লালবাজার অভিযানকে ঘিরে আরও একটি দিন অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।- নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ