Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর আদালতে ডিম হামলা আইনজীবীকে, রিপোর্ট তলব হাইকোর্টের প্রধান বিচারপতির

বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলার ঘটনায় জেলা জজ ও বারুইপুর পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

বারুইপুর আদালতে ডিম হামলা আইনজীবীকে, রিপোর্ট তলব হাইকোর্টের প্রধান বিচারপতির
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা:  বারুইপুর আদালতে  আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলার ঘটনায় জেলা জজ ও বারুইপুর পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ জানিয়েছে, ওই রিপোর্ট দেখার পর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হতে পারে। বুধবার আইনজীবী শুভঙ্কর নাগ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মঙ্গলবারের ঘটনায় প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় একটি জামিন সংক্রান্ত মামলার সওয়াল করে বেরোনোর পর তাঁর ওপর ডিম ছোড়া হয় এবং দু’ঘণ্টা তিনি আদালত কক্ষে আটক হয়ে থাকেন । সেই সময় জেলা জজ আদালতের ভিতরেই উপস্থিত ছিলেন। এমনকি ঘটনাস্থলে বারুইপুর থানার আইসি’ও উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই এই ধরনের ঘটনা ঘটে। এর আগে কলকাতা হাইকোর্ট চত্বরে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন এবং বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন। সেই মামলার রায়ের কপিও এদিন প্রধান বিচারপতিকে দিয়েছেন আইনজীবীরা। তাঁদের দাবি, আইনজীবীদের উপর যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তা এই পেশায় নিযুক্তদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। এই ধরনের ঘটনা বারবার ঘটেই চলেছে। এরপরই ওই রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Advertisement

অন্যদিকে, আইনজীবীর উপর ডিম হামলার ঘটনায় জেরে এদিন সকালে বারুইপুর আদালতে কর্মবিরতির ডাক দেন আইনজীবীরা। সকাল ১০টার পর থেকে আদালতের প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে বেশিরভাগ থানা থেকে আসামি আদালতে নিয়ে যেতে সমস্যা হয়। এদিকে, আদালতে কর্মবিরতি  চলবে বলে জানিয়েছেন বারুইপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুপ্রতিম ঘোষ। ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবীদের উপর হামলায় যুক্তদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। পুলিশ এই ব্যাপারে তাঁদের আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, আপাতত আজ বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন। এই ঘটনায় এদিন কলকাতা হাইকোর্ট চত্বরেও বিক্ষোভে সামিল হন আইনজীবীরা। 
অন্যদিকে, ভাঙড়ে এবিভিপি নেতা সায়ন মণ্ডলকে মারধরের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানা। তাদের কর্মীর উপর হামলার ঘটনায় বুধবার বারুইপুর এসপি অফিসে ডেপুটেশন 
দেয় এবিভিপি। এদিকে, এদিন কলেজ চত্বর ছিল শান্তিপূর্ণ। পুলিশ পিকেট বসানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ