নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে চন্দ্রশেখর আজাদ ও আসাউদ্দিন ওয়াইসি যে নতুন রাজনৈতিক এক্সপেরিমেন্ট শুরু করেছেন, তার প্রভাব নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। গত ১২ নভেম্বর ওয়াইসির এআইএমআইএম এবং আজাদের দল আজাদ সমাজ পার্টি আসন সমঝোতা ও রাজনৈতিক জোট ঘোষণা করেছে। এই জোট হবে দলিত-মুসলিম জোট। সমাজ পরিবর্তন জোটের বৃহস্পতিবার লখনউয়ে হল প্রথম প্রকাশ্য সমাবেশ। সেখানে ভিড় দেখে রীতিমতো উৎসাহিত ওয়াইসি ও আজাদরা। অন্যদিকে, কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে বিজেপি ও সমাজবাদী পার্টি (সপা)-র।
এদিনের সমাবেশে দলিত এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ও উদ্দীপনা দেখে ওয়াইসি বলেছেন, সব দল এই দুই সমাজকে ব্যবহার করেছে ভোটের স্বার্থে। এবার এই সমাজ অবশেষে নিজেদের একটি মঞ্চ পাচ্ছে। সেটা উপলব্ধি করেই তারা এসেছে এভাবে দলে দলে। এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আজাদ। বস্তুত বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর প্রভাব ক্রমেই উত্তরপ্রদেশে অস্তমিত। নতুন যুবা নেতা হিসাবে আজাদ নিজের স্থান করে নিচ্ছেন। তাঁর প্রথম সাফল্য পশ্চিম উত্তরপ্রদেশের নাগিনা থেকে এমপি পদে লড়াই করে ২০২৪ সালের ভোটে জয়।এরপর তাঁর প্রভাব আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে। সমাজবাদী পার্টির ভোটব্যাংক মুসলিম সমাজ ও যাদব। সুতরাং সমাজবাদী পার্টি যে এই জোট নিয়ে যথেষ্ট শঙ্কিত,সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু উদ্বিগ্ন বিজেপিও। কারণ দলিত সমাজ যদি মুখ ফেরায় বিজেপির থেকে তাহলে উত্তরপ্রদেশে ভরাডুবি হবে। সুতরাং এই নয়া সমীকরণ উত্তরপ্রদেশ তো বটেই, জাতীয় রাজনীতিতেও হঠাৎ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।



