Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তার নীচে বড়ো গর্ত! হাওড়ার কে সি দত্ত রোডে ঝুঁকি নিয়েই চলছে বাস-পণ্যবাহী লরি

সাতসকালেই ব্যস্ত রাস্তায় বড়সড় ধস। ফোরশোর রোড সংযোগকারী কে সি দত্ত রোডে কংক্রিটের ব্লক সরে গিয়ে তৈরি হয়েছে কয়েক মিটার চওড়া গহ্বর।

রাস্তার নীচে বড়ো গর্ত! হাওড়ার কে সি দত্ত রোডে ঝুঁকি নিয়েই চলছে বাস-পণ্যবাহী লরি
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাতসকালেই ব্যস্ত রাস্তায় বড়সড় ধস। ফোরশোর রোড সংযোগকারী কে সি দত্ত রোডে কংক্রিটের ব্লক সরে গিয়ে তৈরি হয়েছে কয়েক মিটার চওড়া গহ্বর। যার গভীরতা প্রায় ১.৭ মিটার। রাস্তার নীচে মাটি প্রায় নেই বললেই চলে। ফলে পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বাস, লরি সহ ভারী যান। যে কোনো মুহূর্তে আরও বড়ো অংশ ধসে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। একইদিনে উত্তর হাওড়ার পিলখানার কাছেও জি টি রোডের একটি অংশে ধস নামে।

Advertisement

বুধবার সকালে স্থানীয়দের নজরে আসে কে সি দত্ত রোডের প্রায় মাঝ বরাবর অংশে কংক্রিটের ব্লক ধসে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া ট্রাফিক গার্ডের পুলিশ। পৌঁছান হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ চতুর্বেদিও। পরে হাওড়া পুরসভা ও কেএমডিএ’র ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের নির্দেশে গর্তের চারপাশ গার্ড রেল দিয়ে ঘিরে দেয় ট্রাফিক পুলিশ। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। কেএমডিএ’র এক ইঞ্জিনিয়ার জানান, গর্তের পাশ দিয়ে একটি নর্দমা গিয়েছে। ওই জায়গায় একটি স্ল্যাব বসানো ছিল, যা পুরসভার ম্যাপেও রয়েছে। বর্ষায় রাস্তার নীচের মাটি ধুয়ে যাওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাফিক আধিকারিকের আশঙ্কা, পণ্যবাহী ট্রেলার বা ভারী যান চলাচল করলে গোটা রাস্তা ধসে যেতে পারে। দ্রুত সংস্কার না হলে ফোরশোর রোড অচল হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে লোয়ার ফোরশোর রোড ও জিটি রোডে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।
এদিকে, এদিন বিকালের পর টানা প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে গর্তের পরিস্থিতি আরও ভয়াবহ হয়। বৃষ্টির কারণে এদিন সংস্কারের কাজ শুরু করা যায়নি। তবে শীঘ্রই কাজ শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেএমডিএ। প্রয়োজনে ট্রাফিক ডাইভারশন করা হতে পারে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। ভারী যান চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তায় কংক্রিট ব্লক বসানোর যথার্থতা নিয়েও প্রশ্ন উঠেছে।প্রসঙ্গত, গত এপ্রিলে ফোরশোর রোড সংস্কারের কাজ শেষ হয়। অথচ তার পরেই বিভিন্ন জায়গায় কংক্রিটের ব্লক উঠে যাওয়া এবং ভারী যানবাহনের চাপে রাস্তা বসে যাওয়ার ছবি সামনে আসে। হাওড়া শহরকে কোনা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করা এই গুরুত্বপূর্ণ রাস্তা জি টি রোডের বিকল্প হিসাবে প্রতিদিন বিপুল যানবাহনের চাপ সামলায়। ফের রাস্তা ধসে যাওয়ায় সংস্কারের মান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ