রায়মঙ্গল নদীবাঁধে প্রায় ৬০০ ফুট এলাকাজুড়ে ধস, উদ্বেগ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: মঙ্গলবার হিঙ্গলগঞ্জের রামাপুর স্কুলবাড়ি এলাকায় রায়মঙ্গল নদীবাঁধের প্রায় ৬০০ ফুট এলাকাজুড়ে ধস নামে। খবর পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে আসেন বাঁধের উপর। খবর দেওয়া হয় ব্লক প্রশাসনকে। বাঁধ মেরামতের কাজে প্রশাসনের সঙ্গে হাত মেলান তাঁরাও। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ও প্রশাসনের উদ্যোগে দ্রুত নদীবাঁধের ধস মেরামত করা হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত বেশ কিছুদিন ধরে এই এলাকায় রায়মঙ্গল নদীবাঁধে প্রায়ই ধস দেখা যাচ্ছে। বহুবার প্রশাসনকে বাঁধের অবস্থার কথা জানালেও সঠিকভাবে বাঁধ মেরামতের কোনো উদ্যোগ প্রশাসন নিচ্ছে না। তাঁদের দাবি, অবিলম্বে রায়মঙ্গল নদীবাঁধের সব দুর্বল জায়গা মেরামত করা হোক। কারণ এই সুন্দরবন লাগোয়া এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ে প্রায়ই নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মাছচাষ থেকে অন্য কৃষিকাজে। তাই মাটি এবং বালির বস্তা দিয়ে নদীর বাঁধ মেরামত না করে কংক্রিটের বাঁধ করা হোক।বিষয়টি সম্পর্কে হিঙ্গলগঞ্জের বিডিও বলেন, খবর পাওয়া মাত্রই প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ভাঙা বাঁধ মেরামতের দিকে নজর দিয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Advertisement