নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের জাতীয় সড়কে ধসের ঘটনায় আসানসোলে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার ধস নামল আসানসোলের জনবহুল কাল্লা মোড়ে। সোমবার গভীর রাতে রাস্তায় ধস নামার ঘটনাটি ঘটে। ওই রাস্তার একপাশে রয়েছে পুরসভার হাসপাতাল। অদূরেই রয়েছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ধসের ঘটনার পর পুলিস গোটা এলাকা ঘিরে দেয়। পরে বিষয়টি খতিয়ে দেখে জাতীয় সড়ক কর্তৃপক্ষও। তাদের দাবি, মাটির নীচে থাকা পাইপ লাইনের কারণেই ধস নামার ঘটনার ঘটেছে। যদিও ধারাবাহিকভাবে এই ধসের ঘটনায় সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে।
১৯নম্বর জাতীয় সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ এই কাল্লা মোড় বারাবনির সঙ্গে আসানসোলের যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। এছাড়া বিশ্ববিদ্যালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। সেখানেই আসানসোল থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়ার রাস্তার পাশে ধসটি দেখা যায়। সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর প্রমোদ মাহাত বলেন, এই ধসে উদ্বেগের কারণ নেই। পাইপ লাইন পাতার সময়ে সঠিকভাবে মাটি ভরাট না করার জেরেই এই ঘটনা ঘটেছে।
তবে, এই ঘটনা প্রথম নয়। কিছুদিন আগেও এই রাস্তার উপর গাড়ুই মোড়, এথোড়া মোড়ে ধস নেমেছিল। তার মধ্যে চন্দ্রচূড় মন্দিরের অদূরে ধসটি ভয়াবহ রূপ নিয়েছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইসিএলের কাছে জানতে চায় রাস্তার নীচে তাদের কোনও খাদান রয়েছে কি না! জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, এর উত্তরে ইসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে জায়গায় ধসের কথা উল্লেখ রয়েছে সেখানে তাদের কোনও খাদান নেই।
একে অনেকেই দায়সারা উত্তর বলে মনে করছেন। সংশ্লিষ্ট এলাকার আসানসোল পুরসভার বরো চেয়ারম্যান উৎপল সিনহা বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে, তাদের রাস্তার তলায় কোম্পানির আমলেও কোনও ভূগর্ভস্থ খাদান ছিল কি না! এর সঙ্গে কয়েক হাজার যাত্রীর নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে।-নিজস্ব চিত্র