অশোকনগরে ৪৫টি পরিবারকে জমির পাট্টা
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বকেয়া প্রশাসনিক কাজ শেষ করতে তৎপরতা বাড়িয়েছে রাজ্য সরকার। সেই সূত্রে শনিবার অশোকনগর পুরসভার ১৫, ১৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডে মোট ৪৫টি ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। বহু বছর ধরে এই পরিবারগুলি সংশ্লিষ্ট জমিতে বসবাস করলেও আইনি স্বীকৃতি ছিল না। ফলে বাড়ি নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হত তাদের। পাট্টা হাতে পাওয়ার পর স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাসিন্দারা। পুরসভা সূত্রে দাবি, রাজ্য সরকারের নির্দেশ মেনেই ভূমিহীনদের চিহ্নিত করে পর্যায়ক্রমে পাট্টা দেওয়ার কাজ চলছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নথিপত্রের নিষ্পত্তিও দ্রুত করার চেষ্টা হচ্ছে। 

Advertisement

এদিন পাট্টা প্রদানে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী, পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার প্রমুখ। বিধায়ক বলেন, ‘আগে বেশ কিছু পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে পাট্টা দেওয়া হয়েছে। এদিন ৪৫টি পরিবারের হাতে সরকারি নিয়ম মেনে পাট্টা দেওয়া হল। মুখ্যমন্ত্রীর নির্দেশ, মানুষের অসুবিধার দ্রুত সমাধান করতে হবে। সেই মতো এদিন এই কর্মসূচি নেওয়া হয়।’