নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন চাপদানি সুগার মিলের জমি দখলের অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু জমি দখল নয়, সেখানে বেআইনিভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জমি দখল করে নির্মাণ কাজের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বহরমপুর সদর মহকুমা শাসকের কাছে। জানা গিয়েছে, বেলডাঙায় বড়ুয়া মোড় সংলগ্ন বিশাল এই জমি কে বা কারা দখল করে সেখানে প্রোমোটারি শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকার লিজ হিসেবে বেলডাঙা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ওই ৬২ শতক জমি দিয়েছিল চাপদানি সুগার মিলকে। এই চাপদানি মিল বেলডাঙার একটা ঐতিহ্য। কিন্তু, গত কয়েক মাস ধরেই ধীরে ধীরে জমি পরিষ্কার করে সেখানে অবৈধ নির্মাণকাজ চলছে। আমরা সেটা বন্ধ করতে চাই। বর্তমানে এই জমির দাম কয়েক কোটি টাকা। সরকারি জমিতে কীভাবে নির্মাণকাজ করা হচ্ছে সেটা প্রশাসন খতিয়ে দেখুক। তবে বেলডাঙা পুরসভা কর্তৃপক্ষর দাবি, বৈধভাবেই সেখানে জমি সাব লিজ দিয়ে কাজ করা হচ্ছে।
বহরমপুর সদরের মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন, আমার কাছে অভিযোগ এসেছে। সেটি খতিয়ে দেখে মহকুমার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই জমি চাপদানি সুগার মিলকে লিজে দেওয়া হয়েছিল। কিন্তু, এখন কারা ওখানে নির্মাণ কাজ করছে সেটা তদন্ত করে দেখা হবে। আপাতত কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওই জমির বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট হওয়া যাচ্ছে ততক্ষণ ওখানে কিছুই করা যাবে না।
বেলডাঙা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বলেন, ওই জমিটা আসলে চাপদানি গোষ্ঠী লিজে নিয়েছিল। তাদের কাছ থেকে হয়তো সাব লিজ নিয়ে কেউ বৈধভাবেই নির্মাণ কাজ করছে। তারা মিউটেশন করিয়ে পুরসভার কাছে বিল্ডিং প্ল্যান জমা দিয়েই কাজ করছে। ওদের কাছে লিজ এগ্রিমেন্ট ছিল বলেই আমি পুরসভার কর্মীদের কাছ থেকে শুনেছি। বিষয়টি আমরাও খতিয়ে দেখছি। মহকুমা শাসক আমার কাছেও বিষয়টি জানতে চেয়েছিলেন। আমরা পুরো বিষয়টি তাঁকেও জানিয়েছি। ওখানে নির্মাণ কাজ আপাতত বন্ধ আছে। -নিজস্ব চিত্র