সংবাদদাতা, মানিকচক: দোল উত্সবের মাঝে শোকের ছায়া ভূতনির গোবর্ধনটোলায়। জমি বিবাদকে কেন্দ্র করে দাদার হাতের খুন ভাই। শনিবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি তথা উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য কমল মণ্ডলকে (৪৩)। গুরুতর আহত তাঁর পরিবারের চার সদস্য। তদন্তে নেমে অভিযুক্ত ফেকন মণ্ডল, তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে ভূতনি থানা।
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, গোবর্ধনটোলার বাসিন্দা কমল দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন বাড়ির সামনের জমিকে কেন্দ্র করে খুড়তুতো দাদা ফেকন মণ্ডলের সঙ্গে বিবাদ চলছিল তাঁদের। মাঝেমধ্যে তাদের মধ্যে বচসা লেগে থাকত। তবে শনিবার ঘটনার সূত্রপাত কমলের জমিতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে। দু’পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। এরমধ্যেই ফেকন ধারালো অস্ত্র নিয়ে ছুটে এসে কোপাতে শুরু করে কমলকে। তাকে বাঁচাতে স্ত্রী ময়ূরী, বউদি ইস্মতি, ভাইপো ভীমসেন ছুটে গেলেও ফেকনের স্ত্রী অনিতা ও ছেলে প্রবীর চড়াও হয়। তাদের হাঁসুয়া ও বাঁশের আঘাতে কমলের পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। কমলের স্ত্রীর ডান হাতের এক তৃতীয়াংশ কাটা পড়েছে। তাঁর বাঁ পা ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় পরিস্থিতি আশঙ্কাজনক। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কমল মৃত বলে জানান চিকিৎসক। বাকিদের পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিস দিয়ারা স্বাস্থ্যকেন্দ্র থেকে অভিযুক্ত ফেকন, তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করে। তবে আহত থাকায় পুলিসি হেফাজতে তাদের স্থানান্তর করা হয় মালদহ মেডিক্যালে। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএসপি (সদর) দীপেন্দ্র তামাং সহ ভূতনি থানার পুলিস আধিকারিক। ঘটনাস্থল ঘিরে দিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় কয়েকটি ধারালো অস্ত্র।