নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, বৃহস্পতিবার কলকাতার গঙ্গার তীরে জ্বলবে এক লক্ষ প্রদীপ। জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই আশীর্বাদের প্রদীপ কর্মসূচিতে উপস্থিতও থাকবেন তিনি নিজেও। মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে তাঁকে আমরা অভিনন্দন জানাবো। তিনি ২৫ বছর ধরে দেশকে সেবা দিয়েছেন।
আজ, বুধবার কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান সল্টলেকের একটি হোটেলে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মুখমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেখান থেকেই এই প্রদীপ প্রজ্জ্বোলনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এই কর্মসূচি কেবল রাজ্যের জন্যই নয়, দেশব্যাপী এই কর্মসূচি চলবে।
আগামী ৭ অক্টোবর নিজের ২৫ বছরের কর্মজীবনের যাত্রা সম্পূর্ণ করছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংষ্কারের লক্ষ্যে কঠিন পদক্ষেপ গ্রহণে পিছপা হন না প্রধানমন্ত্রী। ভারতকে নতুন দিশাও দেখিয়েছিলেন তিনি। এ ছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবির, বৃক্ষরোপণ, জল রক্ষার মতো সেবামূলক কাজ হবে বলেও এদিন জানিয়েছেন রাজনাথ সিং।