সংবাদদাতা, লালবাগ: একাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমৃদ্ধ লালগোলা। দীর্ঘদিন ধরে নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে নিদর্শনগুলির অস্তিত্বটুকু কোনোপ্রকারে টিকে রয়েছে। তবে এইভাবে বছরের পর বছর অতিবাহিত হলে হয়ত বেশ কিছু নিদর্শন লালগোলার মাটি থেকে চিরতরে হারিয়ে যাবে। রাজ্য পর্যটন দপ্তর উদ্যোগ নিয়ে সংস্কার করলে নির্দশনগুলির পুনরুজ্জীবন করা সম্ভব হবে। স্বাভাবিকভাবেই ইতিহাসের টানে পর্যটকরা লালগোলায় ছুটে আসবেন। ফলে একদিকে যেমন কর্মস্থান হবে তেমনি লালগোলা জেলা তথা রাজ্যের মানচিত্রে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে উঠে আসবে। স্বাভাবিকভাবেই লালগোলার দর্শনীয় স্থানগুলি সংস্কার করে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে লালগোলার ইতিহাস সচেতন নাগরিকদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, ইতিমধ্যে ওই বিষয়ে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। পাশাপাশি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগেও চিঠি পাঠিয়েছি। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ঘেষা পদ্মা পাড়ের প্রাচীন জনপদ লালগোলা। এখানে রয়েছে লালগোলা রাজবাড়ি, যা বর্তমানে পূর্ব ভারতের একমাত্র মুক্ত সংশোধনাগার। পাশেই রয়েছে দুই শতাধিক বছরের প্রাচীন লালগোলা রাজাদের কালীমন্দির। মন্দিরের দেবী শৃঙ্খলিত কালী বা রাজরাজেশ্বরী নামে পরিচিত। কালী মন্দির ঢুকতেই রয়েছে প্রায় ভগ্নদশাপ্রাপ্ত রাজ অতিথিশালা। ১৮৭৪ সালের শেষের দিকে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র লালগোলা রাজার আতিথ্য গ্রহণ করে এই অতিথিশালায় প্রায় তিন মাস ছিলেন। মুর্শিদাবাদের একাধিক ইতিহাস গবেষকের পাশাপাশি লালগোলার প্রবীণ বাসিন্দাদের দাবি ভারতের স্বাধীনতা আন্দোলনের বীজমন্ত্র ‹বন্দেমাতরম› গান রচনা এবং আনন্দমঠ উপন্যাসের সূচনা লালগোলার কালীবাড়ির মায়ের সামনে বসে করেছিলেন বঙ্কিমচন্দ্র। কালীবাড়ির পাশেই রয়েছে রাজাদের দানক্ষেত্র। তবে সেটি জীর্ণ হয়ে যাওয়ায় সম্প্রতি নতুন করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে উপবন। এছাড়াও রয়েছে আড়াই শতাধিক বছরের প্রাচীন রঘুনাথ মন্দির, শতাধিক বছরের জৈন মন্দির, দুই শতাধিক বছরের লক্ষ্মীনারায়ণ মন্দির সহ বেশ কিছু মন্দির। এই সমস্ত স্থাপত্য নিদর্শনের পাশাপাশি খাঁদুয়ার পদ্মার সৌন্দর্য অবর্ণনীয়। বিকেলে স্থানীয় ছেলেমেয়েরা পদ্মাপাড়ে ভিড় জমালেও পর্যটকরা আসেন না বলে দাবি স্থানীয়দের। ইতিহাস গবেষক তথা লালগোলার বাসিন্দা সুমন কুমার মিত্র বলেন, লালগোলায় একাধিক দর্শনীয় স্থান রয়েছে। অথচ প্রচারের অভাবে লালগোলা পর্যটন মানচিত্রে বাত্য হয়ে রয়েছে। জেলা ইতিহাস চর্চা কেন্দ্রের পক্ষ থেকে দর্শনীয় স্থানগুলি সংস্কার করার জন্য পর্যটন দপ্তরে একাধিকবার দরবার করা হয়েছে। সংস্কার এবং সঠিক প্রচার হলে পর্যটকরা লালগোলায় আসবেন। তাছাড়া কলকলি নদীকে সংস্কার করে বোটিং এবং উপবনকে পার্ক হিসেবে গড়ে তুললে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। লালগোলার বিশিষ্ট নাগরিক উত্তম জৈন বলেন, জেলা পর্যটন এবং তথ্য সংস্কৃতি দপ্তর লালগোলার পর্যটনকে তুলে ধরতে এখনও পর্যন্ত সেভাবে উদ্যোগ নেয়নি। ফলে মুর্শিদাবাদের পর্যটন লালবাগ কেন্দ্রিক হয়ে রয়েছে। লালগোলাবাসী হিসেবে আমাদের দাবি, লালগোলাকে পর্যটন মানচিত্রে তুলে ধরা হোক।



