শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: নিয়মিত ডিউটি পড়ে। অথচ নির্ধারিত জায়গায় যান না। থানায় বা নিজের ইউনিটেও দীর্ঘদিন অনুপস্থিত। বিভিন্ন ডিভিশন, ব্যাটালিয়ন ও ইউনিটে ছড়িয়ে থাকা এমন ৪১৭জন সিভিক ভলান্টিয়ারকে এবার পাকাপাকিভাবে ‘ডিমোবিলাইজ’ করল কলকাতা পুলিশ। অভিযোগ, ডিউটিতে গরহাজির থেকেও তাঁরা মাসের পর মাস বেতন পাচ্ছিলেন যথারীতি। তাঁদের নাম সিভিকের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার।
পালাবদলের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, সিভিকদের ঝাড়াইবাছাই করা হবে। তৃণমূল আমলে বহু সিভিক ভলান্টিয়ারের নিয়োগ নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ ওঠে। ঝাড়াইবাছাই করতে গিয়ে দেখা যায়, কলকাতা পুলিশের বিভিন্ন থানা, ডিভিশন, ব্যাটালিয়ন এবং ইউনিটে এমন অনেক সিভিক রয়েছেন, যাঁরা দিনের পর দিন ডিউটিতেই আসেন না। এক-দুদিন নয়, কেউ কেউ এক বছরে একবারও ডিউটি করেননি! অথচ খাতায়কলমে তাঁদের নিয়মিত ডিউটি দেওয়া হচ্ছে। অভিযোগ, এই সিভিকদের নিয়ে পূর্বতন সরকার কোনো খোঁজখবরই নেয়নি। পুলিশের খাতা থেকে নাম বাদ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ করা হয়নি। খোঁজ চালাতে গিয়ে দেখা যায়, তাঁদের বেতন কিন্তু প্রতি মাসে ব্যাংকে জমা পড়ছে। অনুপস্থিত সিভিকদের বেতন কীভাবে জমা পড়ল অ্যাকাউন্টে এবং আগের সরকার কীভাবে বেতন দিয়ে গেল বছরের পর বছর, তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের অভ্যন্তরীণ অনুসন্ধানে উঠে আসে, ডিউটি না করা সিভিকদের একটা বড়ো অংশ বিভিন্ন জায়গায় তোলাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত। পুলিশের নাম ভাঙিয়ে কেউ কেউ অপরাধে হাত পাকিয়ে ফেলেছে বলে অভিযোগ। আরও জানা যায়, তৃণমূল জমানায় এই সিভিকদের দাপট ছল তুঙ্গে। কেউ কেউ ডিউটির জায়গায় না গেলেও থানায় দাপাদাপি চালাতেন। আরও অভিযোগ, টাকার বিনিময়ে থানার নানা খবর অভিযুক্তের কাছে পৌঁছে দিতেন অনেকে। এমনকি, কোনো সিভিক ডিউটি করতে না চাইলে টাকার বিনিময়ে ‘ব্যবস্থা’ হয়ে যেত। রাজ্যে পালাবদলের পর এমন ৪১৭জন সিভিককে চিহ্নিত করা হয়। তাঁদের ‘ডিমোবিলাইজ’ করার জন্য লালবাজারের তরফে বিভিন্ন থানা, ব্যাটালিয়ানসহ সমস্ত জায়গায় নির্দেশ পাঠানো হয়েছে। যেখান থেকে বেতন হয়, সেখানেও এই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।



