Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যানজট আটকাতে বিষ্ণুপুর শহরে রাস্তার ধারে আঁকা ‘লক্ষ্মণরেখা’, টপকালেই গুনতে হবে হাজার টাকা জরিমানা

যানজট আটকাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও কাজের কাজ তেমন হয়নি

যানজট আটকাতে বিষ্ণুপুর শহরে রাস্তার ধারে আঁকা ‘লক্ষ্মণরেখা’, টপকালেই গুনতে হবে হাজার টাকা জরিমানা
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: যানজট আটকাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও কাজের কাজ তেমন হয়নি। তাই এবার বিষ্ণুপুর শহরের প্রধান রাস্তার দু’ধারে পুলিস ‘লক্ষ্মণরেখা’ টানল। পুলিস সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মণ রেখা টপকে যানবাহন রাখলে ট্রাফিক আইন মেনে এক হাজার টাকা জরিমানা ধার্য করা হবে। সেই খবর চাউর হতেই অনেকেই অবশ্য সচেতন হচ্ছেন। পুলিসের ওই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। 

Advertisement

বিষ্ণুপুর পুলিসের এক আধিকারিক বলেন, বিষ্ণুপুর প্রাচীন শহর। রাস্তাও বেশ সংকীর্ণ। তার উপর রাস্তার দু’ধারে যত্রতত্র যানবাহন দীর্ঘক্ষণ ধরে রেখে দেওয়ার ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে। প্রায়ই যানজটে সাধারণ মানুষ আটকে পড়ছে। অনেক সময় ছোটখাট দুর্ঘটনাও ঘটছে। এনিয়ে বহুবার সচেতন করা হয়েছে। কিন্তু, তাতে সাড়া মেলেনি। তাই শহরের প্রধান রাস্তার দু’ধারে লক্ষ্মণ রেখা টানা হয়েছে। তা টপকে যানবাহন রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মেশিনের সাহায্যে সেই গাড়ির নম্বরের ছবি তুলে মামলা করা হবে। তার বাড়িতে আদালতের নোটিস পৌঁছবে। 
পুলিস ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের রসিকগঞ্জ বাস টার্মিনাস থেকে চকবাজার হয়ে কাটানধার এবং গোপালগঞ্জ, বোলতলা হয়ে রঘুনাথসায়র রাস্তা বেশ সংকীর্ণ। বাজার এলাকায় হওয়ায় ভিড়ও থাকে। তাই একবছর আগে থেকেই শহরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করা হয়েছে। কিন্তু, রাস্তার ধারে আড়াআড়িভাবে মোটর সাইকেল রেখে নিজ নিজ কাজ সারতে চলে যান। অনেক ক্ষেত্রে চারচাকার যানও রাস্তা আটকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন। তাতে যানজট সৃষ্টি হচ্ছে। এনিয়ে প্রশাসনের তরফে বারবার সচেতন করা হয়েছে। কিন্তু, সাড়া মেলেনি। সেই জন্য রাস্তার দু’ধারে সাদা দাগ কেটে দেওয়া হয়েছে। দাগের বাইরে যানবাহন রাখা যাবে কিন্তু, ভিতরে কোনওভাবেই রাখা যাবে না।    
ওই পুলিস আধিকারিক এও বলেন, কোনও সঙ্গত কারণে অল্প কিছুক্ষণের জন্য গাড়ি রাখতে বাধ্য হলে সেক্ষেত্রে খতিয়ে দেখে ছাড় দেওয়া হতে পারে। নতুবা আইন অনুযায়ী জরিমানা আদায় করা হবে। রাস্তার ধারে থাকা স্থানীয় ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, আমরা অনেক সময় খদ্দেরদের তাঁদের যানবাহন অন্য জায়গায় রেখে আসার জন্য বলি। কিন্তু, তাঁরা শোনেন না। তবে এখন তাঁদের লক্ষ্ণণরেখা দেখিয়ে দিচ্ছি। জরিমানার ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। তাতে অবশ্য ভালো কাজ হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ