সিজনি: তানাকার বেস-লাইন শট দুরন্ত প্লেসমেন্টে ফিরিয়ে দিয়েই র্যাকেট ছাড়লেন লক্ষ্য। এরপর চোখ বন্ধ করে কানে আঙুল বুজে অভিনব কায়দায় সেলিব্রেশন সারেন তিনি। অবশেষে লক্ষ্য সেনের লক্ষ্যপূরণ। রবিবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে বাজিমাত করলেন ভারতীয় তারকা শটলার। ফাইনালে জাপানের ইউশি তানাকাকে স্ট্রেট গেমে উড়িয়ে খেতাব জয় নিশ্চিত করেন লক্ষ্য। মাত্র ৩৮ মিনিটে ভারতীয় শাটলারের পক্ষে খেলার ফল ২১-১৫, ২১-১১। আর তার সঙ্গেই বছরের প্রথম সাফল্য ছিনিয়ে নিলেন লক্ষ্য। উল্লেখ্য, ২০২৩ সালে কানাডা ওপেনে প্রথম সুপার ৫০০ প্রতিযোগিতা জিতেছিলেন তিনি।



