ফ্ল্যাট-দোকান দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, বেপাত্তা বারাসতের তৃণমূল নেতা
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমি পাওয়ার কথা ছিল। আবার কারো পাওয়ার কথা ছিল ফ্ল্যাট, কারো দোকানঘর। সেই আশাতেই লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন ক্রেতারা। কিন্তু জমি মেলেনি। ফ্ল্যাটের চাবিও হাতে আসেনি। দোকানঘরের দেখা নেই। উল্টে টাকা ফেরত চাইলেই আসত হুমকি। আর যার নেতৃত্বে এই ঘটনা ঘটে চলেছিল, বারাসতের সেই তৃণমূল নেতা অসিত হালদার রাজ্যে পালাবদল হওয়ার পরেই বেপাত্তা । শনিবার অসিতের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। অভিযোগকারীদের দাবি, বারাসত শহরের বিভিন্ন এলাকায় সম্পত্তি বিক্রির প্রস্তাব দিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতেন অসিত। তাঁর কথায় বিশ্বাস করে অনেকে অগ্রিম টাকা দেন। কেউ নগদে, কেউ চেকের মাধ্যমে টাকা মেটান। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। দিনের পর দিন কেটে গেলেও সম্পত্তির মালিকানা মেলেনি। তখন ওঠে টাকা ফেরতের দাবি। অভিযোগ, প্রথমে আশ্বাস দিলেও পরে আর অসিতের দেখা মেলেনি।

Advertisement

প্রতারিত সুমন ব্যাপারী ও বরুণ পালের অভিযোগ, এই প্রতারণার জালে জড়িয়েছেন শতাধিক মানুষ। সব মিলিয়ে প্রতারণার অঙ্ক ১০ কোটিরও বেশি। অনেকেই নিজেদের সঞ্চয়ের টাকা তুলে দিয়েছিলেন। এখন সেই টাকা ফেরত পাওয়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে টাকা ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
অসিতের রাজনৈতিক উত্থান ঘিরেও উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক সময়ে দিন আনা দিন খাওয়া পরিবার ছিল অসিতের। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দ্রুত বদলে যায় তাঁর আর্থিক অবস্থান। বারাসত পুরসভার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। তাঁর হাত ধরেই অসিতের উত্থান। প্রতারিতদের একাংশের প্রশ্ন, এত বড়ো আর্থিক লেনদেনের পিছনে অন্য কারও মদত ছিল কি না, তাও খতিয়ে দেখা দরকার। এদিকে, অসিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। তাঁর দুটি মোবাইল ফোনই বন্ধ। ফলে অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।