অনিমেষ মণ্ডল, কাটোয়া: বাংলা ভাষার জন্য লড়াই করতে হচ্ছে রাজ্যের বাঙালিদের। বাংলা শব্দ উচ্চারণ করলেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের লাগাতার হেনস্তার মুখে পড়তে হচ্ছে। ওড়িশা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এসব রাজ্যগুলিতে মারধর করা হচ্ছে কাটোয়া মহকুমার বহু গ্রামের মেহনতি পরিযায়ী শ্রমিকদের। সেখান থেকে বিতাড়িত হয়ে রুটিরুজির সংকটে পড়েছে শ্রমিকদের পরিবারগুলি। তৃণমূলের দাবি, যেভাবে বাঙালিদের অপমান করা হয়েছে, তাতে শুধু বাংলা ভাষা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ীদের মার খেতে হচ্ছে। এটাই নির্বাচনে বুমেরাং হয়ে যাবে গেরুয়া শিবিরের কাছে।
গত জুলাই মাসে কেতুগ্রাম-২ ব্লকের মৌগ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর গ্রামের ১৬ শ্রমিককে ওড়িশায় আটকে রেখে হেনস্তা করা হয়েছিল। তাঁদের কেউ সেখানে পঁচিশ বছর ধরে ভাঙাচোরা লোহার জিনিস ফেরি করেন। আবার কেউ নির্মাণ শ্রমিকের কাজ করেন। গ্রামের সহজ, সরল বাংলা ভাষায় কথা বলার অপরাধে কেতুগ্রামের নির্মাণ শ্রমিকদের ওড়িশার বিজয়নগর ও ঝড়সুগদা থানায় চারদিন ধরে আটকে রেখেছিল পুলিশ। তাঁদের কাছে জন্মের শংসাপত্র না থাকায় এমন নির্যাতনের শিকার হতে হয়েছে। আধার ও ভোটার কার্ড ওড়িশা পুলিশ না কি মানছে না। সেসব শ্রমিকদের বেশির ভাগই আর ওড়িশামুখী হন নি। কেউ অন্য কাজে যুক্ত হয়েছেন। তবে বেশিরভাগই কাজ হারিয়ে সংকটে পড়েছেন। নুরশেদ শেখ বলেন, আমাদের একটি ক্লাব ঘরে পাঁচদিন ধরে আটকে রাখা হয়েছিল। মা, বোন তুলে গালি দিয়েছিল ওড়িশা পুলিশ। বাঙালি হওয়ার অপরাধে আমাদের ঠিকমতো খেতে দেওয়া হত না। এখন কাজ নেই কয়েক মাস ধরে। ছেলে, মেয়েদের মুখের দিকে তাকাতে পারি না। চর সুজাপুর গ্রামে ভাতের হাঁড়িতে জল দিচ্ছিলেন তাসকুরা বিবি। তিনি বলেন, আমাদের পরিবার ওড়িশায় পুলিশের হয়রানির শিকার হয়েছে। এখন মোদী কি আমাদের ভাত জোগাবে! বিজেপি বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ করেছে। এখন কী হবে আমাদের।
বাংলা বলার অপরাধেই ওড়িশায় বেধড়ক মার খেয়েছেন কাটোয়ার করজগ্রামের বাসিন্দা তারজেন শেখ। তিনি বলছেন, আমাকে চ্যালা কাঠ দিয়ে পেটানো হয়েছে। ও রাজ্যে আর যাব না। এখন এখানে দিনমজুরি করেই কোনোমতে সংসার চালাতে হচ্ছে। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। আমাদের চোখের জলের মূল্য ওদের চোকাতে হবে। আর এখন আমাদের ঘরের মেয়ে, বউদের এসআইআরের হয়রানি করছে। ভারতে থেকেও আমাকে কেন ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হল? রুটি-রুজির টানে ওড়িশায় গিয়ে আমাকে এভাবে মার খেতে হবে স্বপ্নেও ভাবিনি।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এর জবাব নির্বাচনে মানুষ দেবেন। বুমেরাং হবে। বাংলার মানুষকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্তা, মারধর করা হয়েছে। বাংলা দখলের স্বপ্ন কোনওদিন ওদের সফল হবে না। পালটা বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণ ঘোষ বলেন, এসব নিয়ে তৃণমূল বিভ্রান্ত ছড়াচ্ছে। সেখানে কি পরিস্থিতিতে কি ঘটেছিল, তা এ রাজ্যের কেউ বলতে পারবেন না। আর বাংলা ভাষা বলার জন্য অপমানিত হতে হবে এটা বিশ্বাস হচ্ছে না। নিজস্ব চিত্র