পানাজি: শিক্ষামন্ত্রীর ইস্তফা, স্কুল ঠিক করো, জ্ঞানেশ বিরোধী বিক্ষোভের পর ফের নতুন কর্মসূচি ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নাম ‘ক্যায়া বোলতি পাবলিক’! আগামী ২২ নভেম্বর গোয়া থেকে শুরু হবে এই কর্মসূচি। পরবর্তীতে রাজ্যে রাজ্যে গিয়ে স্থানীয় সমস্যাগুলি শুনবেন সিজেপি নেতারা।
সমুদ্রতীরের রাজ্যটিতে কর্মসূচির আর একটি পোশাকি নাম দেওয়া হয়েছে, ‘চল্লা কিতেম গোয়া? (গোয়ায় কী চলছে?)’ বৃহস্পতিবার গোয়ার সিজেপি নেতা আফরিন শেখ বলেন, ‘মানুষ সবসময় প্রশ্ন করে, যুবসমাজ কোথায়? কী করছে তাঁরা? এবার যুবসমাজ ময়দানে নেমেছে। আমরা মানুষের কাছ থেকে তাঁদের সমস্যার কথা শুনতে চাই। যে কোনো মতাদর্শের মানুষ রবিবার পানাজির কনভেনশন সেন্টারের এই কর্মসূচিতে যোগ দিতে পারে। জমি, নিরাপত্তা, পরিবহণ, শ্রমিকের অধিকার, শিক্ষা সহ নানা সমস্যায় জর্জরিত গোয়া। এই কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে সব ধরনের সমস্যার কথাই শোনা হবে।’ অভিজিৎ দিপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা—সিজেপির তিন শীর্ষ নেতাই যোগ দেবেন এই অনুষ্ঠানে।



