সংবাদদাতা, বালুরঘাট: কুমারগঞ্জের এক স্কুলের চার ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় এক শিক্ষককে ছয় বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আরও একটি ধারায় শিক্ষককে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আদালত সূত্রে খবর, যৌন নিগ্রহের ঘটনাটি ২০১৮ সালের ১৯ নভেম্বরের। সেদিনই কুমারগঞ্জ থানায় অভিযোগ হয়। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিস। শুক্রবার আদালত অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে। শনিবার দোষীর এই সাজা ঘোষণা হয়েছে।



