Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কুলদীপের তিন উইকেট, হাফ-সেঞ্চুরি হাতছাড়া স্টাবসের, শেষ পর্বে লড়াইয়ে ফিরল টিম ইন্ডিয়া

খেলা শেষের অনেক পরেও লাল মাটির বাইশ গজের সামনে দাঁড়িয়ে গৌতম গম্ভীর। কখনও শ্যাডো করছেন, কখনও কথা বলছেন কিউরেটরের সঙ্গে

কুলদীপের তিন উইকেট, হাফ-সেঞ্চুরি হাতছাড়া স্টাবসের, শেষ পর্বে লড়াইয়ে ফিরল টিম ইন্ডিয়া
  • ২৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: খেলা শেষের অনেক পরেও লাল মাটির বাইশ গজের সামনে দাঁড়িয়ে গৌতম গম্ভীর। কখনও শ্যাডো করছেন, কখনও কথা বলছেন কিউরেটরের সঙ্গে। টিম ইন্ডিয়ার প্রধান কোচের পাশে সীতাংশু কোটাক। ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের খাঁড়া ঝুলছে মাথার উপর। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পর গুয়াহাটিতে সমতা ফেরানোর লক্ষ্যে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু স্কিল ও মানসিকতায় জোর দেওয়ার চেয়ে থিঙ্কট্যাঙ্কের ফোকাস বেশি থাকছে পিচে। শনিবার দ্রুত আলো কমে আসা বিকেলে বর্ষাপাড়া স্টেডিয়াম সাক্ষী থাকল তারই। অথচ, উপমহাদেশে সাধারণত এমনই পিচ হয়। প্রথম দু’দিন ব্যাটিং সহায়ক থাকে উইকেট। তৃতীয় দিন থেকে ক্রমশ ধরতে থাকে স্পিন। প্রথম ইনিংসে বড় রান তাই জরুরি।

Advertisement

দিনের শেষ ওভারে মহম্মদ সিরাজের আউটস্যুইংয়ে টনি ডি জর্জির খোঁচা ভারতীয় শিবিরকে সেজন্যই চনমনে করে তুলেছে। ২৪৭ রানে ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকা। ঋষভ পন্থ ব্রিগেডের উল্লসিত না হওয়ার কোনও কারণ নেই। অন্যদিকে, প্রোটিয়া শিবিরে নিশ্চিতভাবেই আপশোস। প্রথম চার ব্যাটারই ন্যূনতম ৩৫ করেছেন। কিন্তু কেউই পঞ্চাশে পৌঁছননি। 
একসময় মনে হয়েছিল, তেম্বা বাভুমার দল বড় রান চাপিয়ে দিতে চলেছে। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে ৮২ তুলে ফেলেছিল প্রোটিয়ারা। প্রথম সেশন উইকেটহীন থাকবে, তখনই আঘাত হানেন যশপ্রীত বুমরাহ। বোল্ড করেন আইডেন মার্করামকে। তিনি অবশ্য মাত্র ৪ রানে জীবনদান পেয়েছিলেন। স্লিপে সহজ ক্যাচ ফেলেন রাহুল। 
দ্বিতীয় সেশনের শুরুতেও এসেছিল উইকেট। কুলদীপ যাদবের বলে রিকেলটনের খোঁচা ধরেন পন্থ। যিনি ভারতের ৩৮তম ক্যাপ্টেন হিসেবে টস করতে গিয়েছিলেন সকালে। ৮২-২ অবস্থা থেকে বাভুমা ও ট্রিস্টান স্টাবস হাল ধরেন ইনিংসের। তৃতীয় উইকেটে দু’জনের জুটিতে ওঠে ৮৪ রান। ভারতীয় দলকে তখন ছন্নছাড়া দেখাচ্ছে। ক্যাপ্টেন পন্থ বারবার বোলার বদল করছেন। কিন্তু উইকেট আসছিল না কিছুতেই। 
ম্যাচের গতিপথ বদলাল তৃতীয় সেশনে। এল ৪টি উইকেট। বাভুমা মারতে গিয়ে রবীন্দ্র জাদেজাকে উপহার দিলেন উইকেট। কুলদীপের বলে স্টাবসের খোঁচা গেল প্রথম স্লিপে রাহুলের হাতে। ৪৯ রানে দাঁড়ি পড়ল প্রোটিয়া ব্যাটারের ইনিংসে। উইয়ান মুল্ডারের আউট অনেকটা বাভুমার মতোই। এবারও মিড অফে গেল ক্যাচ। ধরলেন সেই যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় নতুন বল নেওয়ার পরই এল টনি ডি জর্জির উইকেট। চওড়া হল ভারতীয় ড্রেসিং-রুমের হাসি। আর তাই বারবার কোচের পিচ দেখতে যাওয়া দৃষ্টিকটু ঠেকছে।
রবিবার সকালে টিম ইন্ডিয়ার প্রথম লক্ষ্য হওয়া উচিত দ্রুত প্রোটিয়াদের বাকি ৪ উইকেট নেওয়া। আর তারপর ব্যাট করতে নেমে ইতিবাচক থাকা। খোলসে ঢুকে পড়া নয়, মারার বলে যেন রান আসে। এদিন যেমন ভারতীয়দের আঁটসাঁট বোলিংয়ের নাগপাশে ছটফট করতে থাকা প্রোটিয়ারা বড় শট নিতে গিয়ে আউট হল। বাভুমা, মুল্ডাররা কার্যত সুইসাইডই করলেন। যশস্বী, রাহুলদের তাই বাড়তি দায়িত্ব নেওয়া দরকার। এমনিতেই শুভমান গিল নেই। বসানো হয়েছে অক্ষর প্যাটেলকেও। প্রথম এগারোয় এসেছেন সাই সুদর্শন ও নীতীশ রেড্ডী। তবে অলরাউন্ডার তকমাধারী নীতীশকে ৪ ওভারের বেশি বল দেওয়া যায়নি! উইকেট নেওয়ার জন্য সেই বুমরাহর উপরই ভরসা রাখছেন পন্থ। তখন আর ওয়ার্কলোড নিয়ে সতর্কতা মাথায় থাকছে না!

Advertisement
সম্পর্কিত সংবাদ