Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওভাল টেস্টে কুলদীপকে খেলানো হোক: সৌরভ

দুরন্ত প্রত্যাঘাতে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের মুখে ঝামা ঘষে দিয়েছে টিম ইন্ডিয়া। জাদেজা, সুন্দরদের চোয়াল চাপা লড়াইর সুবাদে ম্যাচ ড্র করতে সফল ভারত।

ওভাল টেস্টে কুলদীপকে খেলানো হোক: সৌরভ
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুরন্ত প্রত্যাঘাতে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের মুখে ঝামা ঘষে দিয়েছে টিম ইন্ডিয়া। জাদেজা, সুন্দরদের চোয়াল চাপা লড়াইয়ের সুবাদে ম্যাচ ড্র করতে সফল ভারত। এই ড্র কোনও অংশে কম নয় জয়ের থেকে। কারণ, হারলেই সিরিজ পকেটে পুরে ফেলত ইংল্যান্ড। তাই স্টোকস বাহিনীর অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে। গিলদের সিরিজ ২-২ করার আশাও টিকে রয়েছে। এখন দরকার পঞ্চম তথা অন্তিম টেস্টে জয়। তার জন্য বোলিং আরও শক্তিশালী করার পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘ওভালে অবশ্যই কুলদীপ যাদবকে খেলানো উচিত। কার জায়গায় ওকে নামানো হবে, সেটা ঠিক করুক টিম ম্যানেজমেন্ট। কুলদীপের মতো স্পিনারকে বাইরে রাখা ঠিক হচ্ছে না।’ উল্লেখ্য, অভিষেক টেস্টে ছাপ ফেলতে ব্যর্থ অংশুল কম্বোজ। তাঁর বাদ পড়ার সম্ভাবনাই প্রবল। তবে চতুর্থ টেস্টে হার বাঁচানো সেঞ্চুরির পর জাদেজা ও সুন্দরকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া বিদেশের মাটিতে তিন স্পিনার খেলানো ঝুঁকি হতে পারে। তাই কুলদীপের প্রথম একাদশে জায়গা পাওয়া সহজ নয়। কম্বোজ বাদ পড়লে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আকাশ দীপ কিংবা অর্শদীপকে খেলানোর কথা ভাববে। তবে ওভালের পিচে স্পিনাররা সুবিধা পায়। সেই অঙ্কেই শিকে ছিঁড়তে পারে চায়নাম্যান স্পিনার কুলদীপের। সেক্ষেত্রে কম্বোজ কিংবা শার্দূলের পরিবর্ত হিসেবে খেলবেন তিনি। এটাও ঠিক, জাদেজা কিংবা সুন্দর ব্যাট হাতে যতটা সফল, বোলিংয়ে তেমন ছাপ ফেলতে পারেননি। কুলদীপ কিন্তু স্পেশালিস্ট স্পিনার হিসেবে দুর্দান্ত বিকল্প হতে পারেন সিরিজের নির্ণায়ক টেস্টে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ