Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতকে চিন্তায় ফেলেছে কুলদীপ-জাড্ডুর অফ ফর্ম

বুধবার রাজকোটে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে জেডন লেনক্সের। আর ব্ল্যাক ক্যাপসদের হয়ে জীবনের প্রথম ওডিআই ম্যাচেই নজর কেড়েছেন তিনি।

ভারতকে চিন্তায় ফেলেছে কুলদীপ-জাড্ডুর অফ ফর্ম
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্দোর: বুধবার রাজকোটে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে জেডন লেনক্সের। আর ব্ল্যাক ক্যাপসদের হয়ে জীবনের প্রথম ওডিআই ম্যাচেই নজর কেড়েছেন তিনি। দশ ওভারে বাঁ-হাতি স্পিনার ৪২ রানের বিনিময়ে নিয়েছেন রবীন্দ্র জাদেজার উইকেট। তাৎপর্যের হল, নবাগত লেনক্স নিখুঁত লাইন-লেংথে অবিচল থেকে ভারতীয়দের রানের গতি কমিয়েছেন মিডল ওভারে। অথচ ঢের অভিজ্ঞ  কুলদীপ যাদব, জাদেজারা কোনও ছাপ ফেলতে ব্যর্থ। আর সেটাই রাজকোটে শুভমান গিল ব্রিগেডের পরাজয়ের বড় কারণ। স্পিনারদের ব্যর্থতায় ভারতীয় বোলিং আক্রমণ হয়ে ওঠে একেবারে নির্বিষ। ড্যারিল মিচেল মনের সুখে সেঞ্চুরি পূর্ণ করেন। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতাও ফেরায় নিউজিল্যান্ড। রবিবার সিরিজ নির্ধারণের ম্যাচে নামার আগে সেটাই উদ্বেগে রাখছে ভারতীয় দলকে।

Advertisement

শুধু লেনক্স একাই নন, কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলও ভালো বল করেন রাজকোটে। ১০-১-৩৪-১ হল তাঁর বোলিংয়ের হিসেব। ৩৪ বছর বয়সি অফস্পিনার রীতিমতো আটকে রাখেন ভারতীয়দের। লেনক্স ও ব্রেসওয়েল মিলিয়ে ২০ ওভারে দেন ৭৬ রান। সেখানে একা কুলদীপই দশ ওভারে খরচ করেন ৮২ রান! আট ওভারে জাড্ডু দেন ৪৪। অর্থাৎ, দুই ভারতীয় স্পিনারের ১৮ ওভারে ওঠে ১২৬ রান। পরিষ্কার, লেনক্স-ব্রেসওয়েলরা রীতিমতো টেক্কা দিয়েছেন কুলদীপ-জাদেজাকে।

অনেকের মতেই চায়নাম্যান এখন বিশ্বের সেরা স্পিনার। কিন্তু কিউয়িরা তাঁকে সুইপ মেরেছেন অনায়াসে। লেংথের হেরফেরে ড্যারিল মিচেল কখনও এগিয়ে এসে খেলেছেন, কখনও ব্যাকফুটে মেরেছেন। জাদেজাকেও দেখে মনে হয়নি যে, উইকেট পেতে পারেন। রাজকোটের তুলনায় ইন্দোরের হোলকার স্টেডিয়ামের সীমানা ছোট। বাইশ গজ ব্যাটিংয়ের পক্ষে আরও সহায়ক। ফলে স্পিনারদের মার খাওয়ার সম্ভাবনা বেশি। তার উপর কুলদীপ-জাদেজা ফর্মে নেই। ওয়াশিংটন সুন্দরের চোট পেয়ে ছিটকে যাওয়া সেজন্যই মস্ত বড় ধাক্কা। তাঁর পরিবর্ত হিসেবে দলে এসেছেন আয়ুষ বাদোনি। কিন্তু তিনি মূলত ব্যাটার। নীতীশ রেড্ডির জায়গায় তাঁকে অবশ্য খেলানো যায়। কিন্তু বাদোনির স্পিন একেবারেই চলনসই গোছের। বিশেষজ্ঞদের কেউ কেউ সেজন্যই অক্ষর প্যাটেলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের মতে, একজন অলরাউন্ডারকে পেসার হতেই হবে এমন কোনও শর্ত নেই। অক্ষরের স্পিন কাজে আসতে পারত। তাছাড়া, তাঁর ব্যাটের হাত ভরসা করার মতোই।

প্রথম দু’টি ওয়ান ডে’তে অর্শদীপ সিংকে খেলানো হয়নি। এটাও মানতে পারছেন না অনেকে। দল নির্বাচনে কোচ গৌতম গম্ভীরের খামখেয়ালিপনা নিয়ে তাঁরা সরব। নতুন বল হাতে অর্শদীপের সুইং কার্যকরী হতেই পারে। সেখানে প্রসিদ্ধ কৃষ্ণা ‘হিট দ্য ডেক’ বোলার। সিরিজ জিততে গেলে রবিবার নিউজিল্যান্ড ইনিংসের শুরুতে আঘাত হানা জরুরি। সেজন্য মহম্মদ সিরাজের দিকেও তাকিয়ে দল।

ভারতের ব্যাটিংয়ে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে যথারীতি ক্যাপ্টেন শুভমান গিলের সঙ্গী রোহিত শর্মা। পরপর বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, জাদেজা। যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সিরিজ জিততে গেলে জ্বলে ওঠা জরুরি শ্রেয়সদের। ভারতীয় দল অবশ্য প্রার্থনার আশ্রয় নিচ্ছে মনের জোর বাড়াতে। শুক্রবার যেমন কোচ গৌতম গম্ভীর, ব্যাটার লোকেশ রাহুল গিয়েছিলেন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। সেখানে পুজো দেন তাঁরা। মহাদেবের আশীর্বাদ নিয়েই রবিবার সম্মানের লড়াইয়ে নামছেন রাহুলরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ