Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে দমকল কেন্দ্র তৈরির দাবি জোরালো হচ্ছে

কোতুলপুরে দমকল কেন্দ্র তৈরির দাবি জোরালো হচ্ছে
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে নতুন দমকল কেন্দ্র তৈরির দাবি আগেই উঠেছিল। সম্প্রতি হন্নে গ্রামে খড় বোঝাই গাড়িতে আগুণ লাগার পর সেই দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিষ্ণুপুর দমকল কেন্দ্র থেকে কোতুলপুরের দুরত্ব ৩৫ কিলোমিটার। এলাকায় আগুন লাগলে দমকল আসতে অনেকটা সময় লাগে। ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়ে যায়। উল্টে সময়ে আসতে না পারার জন্য জনরোষের মুখে পড়েন দমকল কর্মীরা। কোতুলপুরে দীর্ঘদিন ধরে দমকলকেন্দ্র তৈরির দাবি থাকলেও আজও তা পূরণ হয়নি। কয়েকদিন আগে হন্নে গ্রামের ঘটনায় জনরোষ আছড়ে পড়ে পুলিসের উপর। পুলিস কর্মীদের হেনস্তা করা হয়। পুলিসের গাড়িতে ভাঙচুর চালানো হয়। 
Advertisement
কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বলেন, কোতুলপুরে দমকলকেন্দ্রের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে আমি বিষয়টি বিধানসভায় তুলেছি। দমকলমন্ত্রীকেও জানানো হয়েছে। প্রক্রিয়া চলছে। আগামী দিনে তা হবে। বিষ্ণুপুর দমকলকেন্দ্রের আধিকারিক অশেষকুমার রায় বলেন, বিষ্ণুপুর থেকে কোতুলপুরের দূরত্ব অনেকটাই। ওই এলাকায় আগুন লাগলে খবর পাওয়া মাত্রই গাড়ি বেরিয়ে যায়। কিন্তু এত ভারী গাড়ি বিষ্ণুপুর শহরের সংকীর্ণ রাস্তা বেরিয়ে মেন রোডে উঠতেই অনেকটা সময় লেগে যায়। তাই কোতুলপুরে পৃথক কেন্দ্র হলে খুব ভালো হবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতুলপুরে দমকল কেন্দ্র হলে কোতুলপুর থানা এলাকা ছাড়াও ইন্দাস, পাত্রসায়র, জয়পুরের একাংশ এবং হুগলির গোঘাট থানা এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এখন বাঁকুড়া জেলার ওইসব এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিষ্ণুপুর থেকেই দমকল যায়। গোঘাটের ক্ষেত্রে আরামবাগ থেকে দমকল আসে। দুই কেন্দ্রই অনেকটা দূরে অবস্থিত। হন্নে গ্রামের ঘটনায় পুলিসের দু’টি গাড়িতে যথেচ্ছ ভাঙচুর করা হয়। ঘটনায় পুলিস মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনার পর কোতুলপুরের বাসিন্দারা নতুন দমকল কেন্দ্র স্থাপনের দাবিতে ফের সরব হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, বাঁকুড়া জেলার মধ্যে কোতুলপুর অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনপদ। অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ। হাটবাজার থেকে শুরু করে ঘন জনবসতিও রয়েছে। তাই আগুন লাগলে দমকল আসতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি বাড়ছে। আমরা দীর্ঘদিন ধরে কোতুলপুরে দমকল কেন্দ্রের দাবি জানিয়ে আসছি। রাজনৈতিক নেতাদেরও জানানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত উদ্যোগ দেখা যায়নি। 
সম্পর্কিত সংবাদ