সংবাদদাতা, কাঁথি: কাঁথির দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের কাদুয়া এলাকায় সেচদপ্তরের বাঁধানো খালপাড় থেকে মাটি চুরির অভিযোগ উঠছিল। সেইমতো পদক্ষেপ নিল পুলিস-প্রশাসন। বিডিওর হস্তক্ষেপে আপাতত বন্ধ হয়েছে মাটি কাটা। তবে মাটি কাটার কাজে যুক্ত লোকজনের কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিস। একটি খালি ট্রাক্টর আটক করেছে সংশ্লিষ্ট জুনপুট কোস্টাল থানার পুলিস। আর যাতে মাটি চুরি না হয়, তার জন্য এলাকায় পুলিসি নজরদারি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক ধরে ট্রাক্টরে করে সেখান থেকে দেদার মাটি তুলে অন্যত্র পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। এমন খবর জানতে পেরে রবিবার বিকেলে এলাকার কয়েকজন বাসিন্দা খালপাড়ে জড়ো হন। তাঁরা বিডিও শুভাশিস মজুমদারের কাছে এবিষয়ে অভিযোগ জানান। বিডিওর হস্তক্ষেপে পুলিস সেখানে যায় এবং মাটি কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, চাষের জমি যাতে প্লাবিত না হয়, সেই জন্য কাদুয়া এলাকায় মজে যাওয়া খাল সংস্কার করা হয়েছিল। সেচদপ্তর শক্তপোক্তভাবে সেই খালপাড় মাটি দিয়ে উঁচু করে দেয়। কয়েকদিন ধরে ওই খালপাড় কেটে মাটি পাচার করে দেওয়া হচ্ছে। বিডিও বলেন, এই ধরনের একটি অভিযোগ পেয়ে পুলিসকে জানিয়েছিলাম। পুলিস দ্রুত ব্যবস্থা নিয়েছে। আর যাতে খালপাড়ে মাটি কাটা না হয়, তার জন্য পুলিসকে বিশেষ নজরদারি করতে বলা হয়েছে। এলাকার বাসিন্দাদেরও জানানো হয়েছে, মাটি কাটার কোনও খবর পেলে দ্রুত পুলিস-প্রশাসনের কাছে বিষয়টি জানাতে হবে।



