Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির আয়ুর্বেদ কলেজ হস্টেলের ছাদ থেকে পড়ে জখম ছাত্রী

কাঁথির আয়ুর্বেদ কলেজ হস্টেলের ছাদ থেকে পড়ে জখম ছাত্রী
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: শনিবার আরজি কর হাসপাতালের এক নার্সিং পড়ুয়া হস্টেলের মধ্যেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজ ও হাসপাতালের গার্লস হস্টেলের তিনতলার নির্মীয়মাণ ছাদ থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ছাত্রী। অনুমান, তিনি ঝাঁপ দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে রাতের শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই ছাত্রী বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে, ঠিক কী কারণে এই ঘটনা, তা পরিষ্কার নয়। তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিস। ওই ছাত্রীকে কেউ বা কারা ঠেলে ফেলে দিয়েছে নাকি তিনি নিজেই পড়ে গিয়েছেন নাকি তিনি আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছেন, তা জানার চেষ্টা করছে পুলিস।  
Advertisement
জানা গিয়েছে, সমন্বিতা দত্ত নামে ওই ছাত্রীর বাড়ি কলকাতার কসবা এলাকায়। তিনি রঘুনাথ আয়ুর্বেদ কলেজ ও হাসপাতালে প্রথম বর্ষের ছাত্রী। কলেজের গার্লস হস্টেলে আবাসিক হিসেবে থাকেন। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন ওই কলেজের হস্টেলের বর্তমানে তিনতলার ভবন নির্মাণের কাজ চলছে। হস্টেলে ৪৪টি আসন থাকলেও বর্তমানে রয়েছেন ২৫জন আবাসিক। রবিবার রাত সওয়া ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। দু’দিন আগে বাড়ি থেকে হস্টেলে ফিরেছিলেন সমন্বিতা। ওইদিন কথা বলার জন্য হস্টেলের তিনতলার নির্মীয়মাণ ছাদে যান তিনি। সেখানে ঘুরে ঘুরে ফোনে কথা বলছিলেন। আচমকাই সহপাঠীরা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। তাঁর ছুটে এসে দেখেন, পাকা মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী। তড়িঘড়ি তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তারক্ষী যীশু মাল বলেন, ওই তরুণী ফোনে কথা বলছিলেন। আচমকাই পড়ে যাওয়ার কথা জানতে পারি। পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
সম্পর্কিত সংবাদ