সংবাদদাতা, কাটোয়া: বুধবার রাতে কাটোয়া শহরে ভাড়াবাড়ি থেকে ফুল ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। রাতেই তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম অমিত দাস(৪৭)। বাড়ি কাটোয়া শহরের হাসপাতাল পাড়ায়। বৃহস্পতিবার কাটোয়া মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতবাবু পেশায় ফুল ব্যবসায়ী। কাটোয়া শহরের কাছারি রোডে তাঁর ফুলের দোকান রয়েছে। তিনি শহরের সংহতিপাড়ায় একটি ঘরভাড়া নিয়েছিলেন। সেখানে ফুল রাখতেন। বাড়িতে তাঁর স্ত্রী রেখাদেবী ও ছেলে অনিকেতকে নিয়েই থাকতেন। এদিন রাতে তাঁর দোকান বন্ধ থাকায় পরিবারের লোকজন ফোন করেন। মোবাইল বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু হয়। ছেলে অনিকেত ভাড়াবাড়িতে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে দেখতে পায়। দরজা ভেঙে ঘরে ঢুকে অমিতবাবুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। তাঁর ছেলে অনিকেত বলেন, বাবার কী সমস্যা হয়েছে জানি না। বাড়িতেও কোনও অশান্তি হয়নি। কেন এমন হল বুঝতে পারছি না। কাটোয়া থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।



