Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় ভাগীরথীতে ফের উদ্ধার হল ডলফিনের দেহ

কাটোয়ায় ভাগীরথীতে ফের উদ্ধার হল ডলফিনের দেহ
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: শনিবার কাটোয়ায় ভাগীরথীর কাশীগঞ্জ ঘাটে ফের একটি পূর্ণবয়স্ক গাঙ্গেয় ডলফিনের পচাগলা মৃতদেহ উদ্ধার করল বনদপ্তর। চলতি বছরে ন’টি গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হল। এনিয়ে উদ্বিগ্ন বনদপ্তর। কখনও মৎস্যজীবীদের জাল ডলফিনের মুখে আটকে মারা যাচ্ছে, আবার কখনও দেহ উদ্ধার হচ্ছে। বনদপ্তরের কাটোয়ার রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, একটি পূর্ণবয়স্ক গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্ত করে ঠিক কী কারণে তার মৃত্যু হল খতিয়ে দেখা হচ্ছে। দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই ডলফিনটির মৃত্যু হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কাশীগঞ্জ ঘাট লাগোয়া এলাকায় ডলফিনটির পচাগলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সেখানে যান। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। 
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ভাগীরথীতে কল্যাণপুর থেকে পাটুলি পর্যন্ত প্রায় ৩২কিমি এলাকা ডলফিনের বিচরণক্ষেত্র। কয়েক বছর আগে ঘটা করে কাটোয়ার শাঁখাই ঘাটে গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল রাজ্যের বনদপ্তর। ডলফিন নিয়ে গবেষণাও চালাচ্ছে তারা।  তবুও ডলফিনের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। এই এলাকায় প্রায় ৩২-৩৫টি ডলফিন রয়েছে। কিন্তু বারবার ডলফিনের মৃত্যুতে সংখ্যা সেভাবে বাড়ছে না। ২০২২সালে বেশ কয়েকটি ডলফিনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের জুন ও আগস্টে দু’টি গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধার করে বনদপ্তর। দু’টিরই দেহে আঘাতের চিহ্ন মিলেছিল। এবছর এনিয়ে ন’টি ডলফিনের দেহ উদ্ধার হল। বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠলেও এভাবে মৃত্যু ভাবাচ্ছে বনদপ্তরকে।
এর আগে কাটোয়ায় গাঙ্গেয় ডলফিনের বিচরণ ক্ষেত্রগুলিতে জিপিএসের মাধ্যমে রুটম্যাপ করার উদ্যোগ নেওয়া হয় বনদপ্তর থেকে। কোন এলাকায় বেশি ডলফিন ঘোরাফেরা করে তার তথ্যও সংগ্রহ করা হয়। আবার কোন এলাকায় কম ডলফিন ঘোরাফেরা করে তা জিপিএসের মাধ্যমে দেখা হয়। ‘ডলফিন পয়েন্টে’র আশপাশের এলাকার বাসিন্দাদের পেশা, মাছ ধরার প্রবণতা এসব ডেটাবেস প্রস্তুত করার কাজ শুরু হয়। যাতে বিচরণক্ষেত্রে ডলফিন বাঁচাতে সচেতন করা যায়। কাটোয়ার অজয় ও ভাগীরথীর সঙ্গমস্থলে দূষণমুক্ত পরিবেশের কারণেই শুশুকের সংখা বাড়ছে। কিন্তু সেখানেই এভাবে একের পর এক ডলফিনের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। 
সম্পর্কিত সংবাদ