Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগর-পাটিকাবাড়ি বাস পরিষেবা ফের চালুর দাবি

কৃষ্ণনগর-পাটিকাবাড়ি বাস পরিষেবা ফের চালুর দাবি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: দীর্ঘদিন ধরে নিয়মিত বাস চলত কৃষ্ণনগর-পাটিকাবাড়ি ঘাট ভায়া তারানগর নিশ্চিন্তপুর রুটে। তখন মানুষের তেহট্ট, কৃষ্ণনগর বা অন্য জায়গায় যাতায়াতে সুবিধা ছিল। বর্তমানে ওই রুটে টোটো ও অটোর দাপটে কোনও বাস না চলায় অসুবিধায় পড়েছেন এলাকার বাসিন্দা, ছাত্রছাত্রী থেকে সকলে। তাই বাস পরিষেবা আবার চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Advertisement
দীর্ঘদিন কৃষ্ণনগর-পাটিকাবাড়ি ভায়া তারানগর নিশ্চিন্তপুর হয়ে বেশ কয়েকটি বাস চলাচল করত। এমনকি কুলগাছি ঘাট থেকে বহরমপুর যাওয়ার বাসও এই রুটে চলত। রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আরশিগঞ্জ, রঘুনাথপুর, নিশ্চিন্তপুর, তারানগর, ধাওরাপাড়া সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ সহজেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারত। এই এলাকার বাসিন্দাদের নিত্য প্রয়োজনে তেহট্ট কিংবা পলাশীপাড়া যেতে হয়। তেহট্টে আদালত, মহকুমা অফিস, পরিবহণ দপ্তর, কলেজ রয়েছে। আর পলাশীপাড়ায় আছে ব্যাঙ্ক, ব্লক অফিস, ভূমি দপ্তর বাজার সহ সবকিছু। 
ফলে সকলকেই যেতে হয় তেহট্ট না হয় পলাশীপাড়ায়। এই বাস পরিষেবা বন্ধ থাকায় চরম হয়রানি হচ্ছে বাসিন্দাদের। টোটো কিংবা অটোয় যাতায়াত করতে সাধারণ মানুষের সময় ও টাকা দুইই বেশি খরচ হচ্ছে। তাই এলাকার মানুষের দাবি, আবার ওই বাস সার্ভিস চালু হোক। বাস পরিষেবা চালু হলে রাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে গ্রামের মানুষ। সন্ধ্যার পরে বা রাতের দিকে কৃষ্ণনগর বা কলকাতায় বিভিন্ন কাজে যাওয়া মানুষজন বাড়ি ফেরার সময় বাস থেকে আরশিগঞ্জ কিংবা ধাওরাপাড়া  বাসস্ট্যান্ডে নামতে হয়।  তার পর গন্তব্যে পৌছানো বড় হ্যাপা। রাতের দিকে পায়ে হেঁটেও বাড়ি যেতে হয়। কোনও রিকশ বা টোটো পাওয়া যায় না।  জেলা শহর বা কলকাতা থেকে রাত ৮টার পরে বাড়ি ফিরতে কালঘাম ছুটে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, এই বাস পরিষেবা যাতে আবার চালু হয় প্রশাসন তার ব্যবস্থা করলে ভালো হয়। এতে আমরা রাতে নিশ্চিন্তে ঘরে ফিরতে পারব। ব্যবসার সুবাদে অনেক সময় বাড়ি ফিরতে রাত হয়ে যায়। বাস পরিষেবা আবার চালু হলে হয়রানির হাত থেকে বাঁচব। 
সম্পর্কিত সংবাদ