নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বৃহস্পতিবার গভীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার রাধানগর এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাই নিয়ে শুক্রবার দুপুরের দিকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর শহর তৃণমূলের ছাত্র পরিষদের প্রাক্তন সহ-সভাপতি হলেন ত্রনয়েন্দ্র চৌধুরী। তাঁর বাড়ি রাধানগর এলাকায়। মাসখানেক আগে বেশকিছু যুবককে কলেজ থেকে বের করা দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে শহরের বিভিন্ন কলেজের মধ্যে অশান্তি পাকানো, মেয়েদের সঙ্গে অভব্যতার অভিযোগ আসছিল। যদিও তারা কেউ কলেজ পড়ুয়া নয়। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ত্রনয়েন্দ্র। সেই ক্ষোভে বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়িতে চড়াও হয় সেই দুষ্কৃতীরা। বাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয় ছাত্র পরিষদের সেই নেতার মাকেও তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে ছাত্র পরিষদের ওই নেতা বলেন, কলেজের ভিতরের ক্যাম্পাসে পরিবেশ ভালো রাখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। মাস খানেক আগে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছিল। ওরা কেউ কলেজ পড়ুয়া নয়। কিন্তু ওদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছিল। তাই কলেজে ঢুকতে তাদের মানা করা হয়। তাই আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে ওরা। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।



