সংবাদদাতা, আলিপুরদুয়ার: কিষান ক্রেডিট কার্ডের কাজে পড়শি জেলা কোচবিহার ও জলপাইগুড়ি থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলা। বুধবার আলিপুরদুয়ার মিউনিসিপ্যাল হলে ৭১তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানেই পরিসংখ্যান তুলে ধরে একথা বলেন এলাকার প্রাক্তন বিধায়ক জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, কোচবিহার জেলায় কিষান ক্রেডিট কার্ড হোল্ডার ৩৬ হাজার ও জলপাইগুড়ি জেলায় ২৯ হাজার। আর আলিপুরদুয়ার জেলায় কিষান ক্রেডিট কার্ড হোল্ডার মাত্র নয় হাজার। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট আলিপুরদয়ার জেলা পিছিয়ে পড়ছে।
Advertisement
সৌরভের দাবি, দলের কৃষক সংগঠন মজবুত করতে হলে জেলায় সমবায় আন্দোলনে জোর দিতেই হবে। কৃষকদের আরও বেশি করে সরকারি আর্থিক সুযোগ-সুবিধা প্রদানে সাহায্য করতে হবে। তবেই দলের কৃষক সংগঠন মজবুত হবে। তিনি বলেন, গত এক বছরে আলিপুরদুয়ার জেলায় ১০টি সমবায় সমিতি তৈরি করা হয়েছে। আগামী দিনে জেলায় আরও ৫০টি সমবায় সমিতি গঠনের টার্গেট নেওয়া হয়েছে।



