সংবাদদাতা, বেলদা: কেশিয়াড়ি ব্লকে ঘরে ঘরে পানীয় জল সরবরাহের প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখতে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। রবিবার তিনি কেশিয়াড়ির বিডিও সমীর ভড় ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। জলস্বপ্ন, জল জীবন মিশন-এসমস্ত প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।বৈঠকে মানসবাবু জনপ্রতিনিধি ও আধিকারিকদের সমন্বয়ের উপর জোর দেন। আদিবাসী অধ্যুষিত এই ব্লকে ২০২৫ সালের মধ্যে যাতে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে যায়, সেবিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বার্তা দেন। মানসবাবু বলেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়ের নির্দেশে এই ব্লকে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এসেছি। পঞ্চায়েত প্রধানদের থেকে সমস্ত তথ্য নিয়ে তাড়াতাড়ি প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বৈঠকে মন্ত্রী ও বিডিওর পাশাপাশি কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট সহ অন্যরা উপস্থিত ছিলেন।



