নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কেশপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলে জেরে মার খেল পড়ুয়ারা। সোমবার বিকেলে এই ঘটনায় কয়েকজন পড়ুয়া জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজন ছাত্র গুরুতর জখম হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতৃত্বের কথায়, নবীনবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল শুরু হয়। শনিবার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু গোষ্ঠী কোন্দলের জেরে ওই অনুষ্ঠান বাতিল হয়। এরপর থেকেই কলেজে অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ বিষয়ে কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন, কেশপুরকে উত্তপ্ত করা হচ্ছে। যাঁরা মার খেল তাঁরা তৃণমূলের, আর যাঁরা মারল তাঁরাও তৃণমূলের।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কলেজে বেশ কয়েকবছর ধরে টিএমসিপির গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। ছয় বছর ধরে নবীনবরণ অনুষ্ঠান বন্ধ রয়েছে। দুই গোষ্ঠীই চাইছে অনুষ্ঠানের রাশ নিজেদের হাতে রাখতে। শনিবার নবীনবরণ অনুষ্ঠান বাতিল হয়। এক পক্ষের অভিযোগ, আলোচনা না করেই অনুষ্ঠান ঠিক করা হয়েছিল। অপরপক্ষের অভিযোগ, কলেজে নানা বেআইনি কাজ করা হচ্ছে। কলেজ বিল্ডিং তৈরি নিয়েও নানা অনিয়ম হয়েছে। অশান্তির আশঙ্কায় শনিবার কলেজ চত্বরে বিশাল পুলিস বাহিনী উপস্থিত ছিল। সে জন্য কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযোগ, সোমবার একদল বহিরাগত যুবক আচমকা কলেজে এসে বেশকিছু পড়ুয়াকে মারধর করে।
জখম হওয়া এক ছাত্র বলেন, আমরা কলেজে ক্রিকেট খেলছিলাম। সেই সময় বহিরাগত কিছু যুবক এসে আমাদের মারধর করে। কলেজের প্রিন্সিপাল দীপক ভূঁইয়া বলেন, দোষীদের শাস্তি চাই। ঘটনার নিন্দা করছি।
জখম হওয়া এক ছাত্র বলেন, আমরা কলেজে ক্রিকেট খেলছিলাম। সেই সময় বহিরাগত কিছু যুবক এসে আমাদের মারধর করে। কলেজের প্রিন্সিপাল দীপক ভূঁইয়া বলেন, দোষীদের শাস্তি চাই। ঘটনার নিন্দা করছি।



