Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডিতে স্টেডিয়াম মাঠ তৈরির উদ্যোগ ব্লক প্রশাসনের

কুশমণ্ডিতে স্টেডিয়াম মাঠ তৈরির উদ্যোগ ব্লক প্রশাসনের
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: রাজ্য ও জেলাস্তরের খেলোয়াড় তৈরি হলেও  কুশমণ্ডি ব্লকে নেই স্টেডিয়াম। সরলা হাইস্কুল, কুশমণ্ডি হাইস্কুলের পড়ুয়ারা ফুটবলাররা রাজ্য তথা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। কুশমণ্ডি মানিকোর হাইস্কুলের ছাত্রী জ্যাভলিন থ্রোতে জাতীয় ও রাজ্যস্তরে কুশমণ্ডি ব্লককে চিনিয়েছে। জেলার মধ্যে বর্তমানে কুশমণ্ডি ব্লক জুড়ে রয়েছে কাবাডি, ফুটবলার, ভলিবল খেলোয়াড়রা। প্রতিভাবান খেলোয়াড় উঠে এলেও ব্লকে অনুশীলন ও লিগ খেলা পরিচালনার জন্য স্টেডিয়াম মাঠ নেই। কুশমণ্ডির বিডিও নয়না দে সদর এলাকায় একটি স্টেডিয়াম মাঠ তৈরিতে উদ্যোগী হয়েছেন। ইতিমধ্যে কুশমণ্ডি হাইস্কুল মাঠ পরিদর্শন করেছে ব্লক কর্তৃপক্ষ। যদিও কুশমণ্ডি হাইস্কুলের খেলার মাঠে, স্টেডিয়াম হবে নাকি অডিটোরিয়াম হবে, তা নিয়ে মতবিরোধ রয়েছে স্কুল কর্তৃপক্ষের মধ্যে। 
Advertisement
তবে খেলোয়াড়দের স্বার্থে স্টেডিয়াম তৈরিতে জোর দিচ্ছে ব্লক প্রশাসন। জেলা যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার আটটি ব্লকের তরফে একটি স্টেডিয়াম তৈরির বিষয়ে প্রস্তাব চাওয়া হয়েছে। কুশমণ্ডি ব্লকে ভালোমানের কোনও স্টেডিয়াম না থাকায় বিশেষভাবে জোর দিচ্ছে দপ্তরও। কুশমণ্ডির বিডিও বলেন, আমাদের ব্লকজুড়ে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। যারা নিয়মিত খেলাধুলো, প্র্যাকটিস থেকে শুরু করে রাজ্য ও জেলা স্তরে প্রতিযোগিতায় অংশ নেয়। আমাদের ব্লকে লিগ খেলা পরিচালনার জন্য আদর্শ খেলার মাঠের অভাব রয়েছে। জেলা যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর আমাদের স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাব দিতে বলেছে। আমরা ব্লকের ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিপিআর করে দপ্তরে জমা দেব। বিডিও’র সংযোজন,  ব্লকের সদরে যাতে একটি আদর্শ স্টেডিয়াম তৈরি হয় সেজন্য জেলা প্রশাসনের সঙ্গে কথা বলব। 
কুশমণ্ডি হাইস্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, কুশমণ্ডি হাইস্কুলের মাঠে স্টেডিয়াম তৈরি করা যেতেই পারে। কিন্তু ঢাকঢোল হাই স্কুলেও একটি নামেই স্টেডিয়াম তৈরি হয়েছে। যার কোনও মান নেই। আমাদের স্কুলের মাঠের পাশে অডিটোরিয়াম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে জেলা পরিষদকে। স্টেডিয়াম তৈরি হলে যেন খেলোয়াড়দের স্বার্থে আদর্শ স্টেডিয়ামই হয়। 
জেলা যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক কিংশুক পাল বলেন, জেলার আটটি ব্লক থেকেই স্টেডিয়ামের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে। ব্লকের তরফে প্রস্তাব এলেই আমরা তা রাজ্যে পাঠাব।
সম্পর্কিত সংবাদ