Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কংসাবতীর সেতুর হাল জানতে মন্ত্রীকে মেল বিজেপি নেতার

কংসাবতীর সেতুর হাল জানতে মন্ত্রীকে মেল বিজেপি নেতার
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুরে কংসাবতী নদীর উপর সেতু তৈরির জন্য মিলেছিল অনুমোদন। কিন্তু সেতু তৈরির কাজ এখনও শুরুই হয়নি। সেতু তৈরির কাজের বর্তমান স্ট্যাটাস জানতে ভারত সরকারের সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করিকে মেল করলেন জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত। বিজেপির দাবি, সেতু তৈরির জন্য রাজ্য সরকার এনওসি দিচ্ছে না। এর ফলে পরিকল্পনা থাকলেও থমকে রয়েছে উন্নয়নের কাজ। এনিয়ে মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচনের ফলাফলের প্রাক্কালে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। তবে তৃণমূল নেতৃত্বের কথায়, কেন্দ্রীয় সরকার শুধুই প্রতিশ্রুতি দিতে জানে। একটিও প্রকল্প বাস্তবে রূপায়িত হবে না। 
Advertisement
এদিন জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, অনেকদিন আগেই সেতু তৈরির জন্য অনুমোদন মিলেছে। কিন্তু এখনও কাজ শুরু হয়নি। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও চিঠি দিয়েছি। এই সেতু তৈরি হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। তবে শুনেছি রাজ্য সরকার এনওসি কিছুতেই দিচ্ছে না। যার ফলে সেতু তৈরির কাজ থমকে গিয়েছে। 
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে রাজ্যজুড়ে ভালো ফল করেছিল বিজেপি। লোকসভা ভোটের আগে ঢালাও প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু পাঁচ বছরের মাথায় গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ভোট একেবারে তলানিতে নেমে আসে। তাঁর অন্যতম কারণ, বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েও পূরণ করতে ব্যর্থ বিজেপি নেতারা। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ফের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া শুরু হয়েছে। আর এতেই রাজনৈতিক তরজা চরমে উঠেছে।  বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ভারত সরকারের সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দেন, পশ্চিমবঙ্গে দু›টি অতি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের জন্য মোট ৩০৪ কোটি টাকা বরাদ্দের অনুমতি মিলেছে। এর মধ্যে রয়েছে ১.৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের কংসাবতী নদীর উপর বিস্তৃত একটি সেতু। একইসঙ্গে ০.৯০০ কিলোমিটার দৈর্ঘ্যের শিলাবতী নদীর উপর একটি সেতু রয়েছে। উভয় কাঠামোয় ৪ লেনের সুবিধা থাকবে। পাশাপাশি ২০২৩-›২৪ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনার আওতায় পড়ে এই সেতুগুলির নির্মাণ। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সেতু তৈরির কাজ শুরু হয়নি। এক তৃণমূল নেতা বলেন, মাসখানেক আগে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন, মেদিনীপুর জেলার খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত ন্যাশনাল হাইস্পিড করিডর বানানোর অনুমোদন মিলেছে। এই হাইস্পিড করিডর তৈরির জন্য খরচ হবে ১০ হাজার ২৪৭ কোটি টাকা। 
সম্পর্কিত সংবাদ