Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের অসুস্থ কৃষ্ণগঞ্জের স্কুলের ছাত্রীরা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল শ্রেণিকক্ষ

শনিবার ফের কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ল। এদিন প্রায় সাত-আট জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে।

ফের অসুস্থ কৃষ্ণগঞ্জের স্কুলের ছাত্রীরা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল শ্রেণিকক্ষ
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শনিবার ফের কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ল। এদিন প্রায় সাত-আট জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে। যদিও তাদের মধ্যে অনেকেই গত শুক্রবারও অসুস্থ হয়ে পড়েছিল। তাদের এদিন শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য ওই স্কুলের সপ্তম ও নবম শ্রেণির দু’টি কক্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এদিন পুলিস ও ব্লক প্রশাসনের তরফে ওই স্কুল ভিজিট করা হয়। কী কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, তা খতিয়ে দেখা হয়। বিশেষ করে স্কুলের দু’টি কক্ষের ছাত্রীরাই কেন অসুস্থ হচ্ছে, তা আধিকারিকরা স্কুলের চারপাশ ঘুরে দেখেন। যদিও প্রাথমিকভাবে সেই কক্ষে বিশেষ কিছু পাওয়া যায়নি। শুক্রবারের ঘটনার পর মনে করা হয়েছিল, স্কুলের পাশেই একটি সোকপিট রয়েছে। সেখানকার দুর্গন্ধ থেকেই হয়তো ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু, এদিন আধিকারিকরা সেখানে গিয়ে দেখেন সোকপিটটা শুকিয়ে গিয়েছে। তাই সেখান থেকে দুর্গন্ধ ছড়ানোর সম্ভাবনা কম। ফলে স্কুলের ছাত্রীদের অসুস্থতার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও প্রশাসনের আধিকারিকদের অনুমান, ছাত্রীরা প্যানিকের কারণেই অসুস্থ হয়ে পড়ছে।
গত শুক্রবার খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে প্রথম ক্লাসের পর স্কুলের ছাত্রীরা হঠাৎ অসুস্থ হতে শুরু করে। প্রায় ১৫জন অসুস্থ হয়। তাদের মধ্যে পাঁচজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে অনেকেই শনিবার স্কুলে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়লে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবমিলিয়ে ওই স্কুলের মোট ১৩জন ছাত্রীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে ছাড়া হয়েছে। বাকিরা চিকিৎসাধীন।
কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা বলেন, আমরা স্কুল পরিদর্শন করেছিলাম‌। স্কুলে অভিভাবকরা এসেছিলেন। গতকাল যাদের প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়েছিল, এদিন তারা আবার অসুস্থ হয়ে পড়ে। তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলের অবস্থাই স্থিতিশীল। প্যানিক থেকেই ছাত্রীরা অসুস্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।
কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি শিল্পী পাল বলেন, থানার তরফেও স্কুল ভিজিট করা হয়েছে। বিশেষ করে দু’টি কক্ষের ছাত্রীরাই অসুস্থ হচ্ছে। তাই স্কুল কর্তৃপক্ষকে ওই দু’টি কক্ষকে বন্ধ রাখতে বলা হয়েছে। সেই জায়গায় অন্যত্র ক্লাস করানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ