নয়াদিল্লি: এমনটাও হয়? বিশ্বাস হচ্ছিল না মুন্না সিং গৌড়ের। চাকরি করতেন পুলিশে। ২০১২ সালে নির্বাচনী দায়িত্বে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হন তিনি। পরবর্তীতে বরখাস্ত করা হয় তাঁকে। আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। চাকরি খুইয়ে শুরু জীবনযুদ্ধ। ১৩ বছর পর নতুন বাঁকের সামনে বিশ্বজয়ী ক্রান্তি গৌড়ের বাবা মুন্না। বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ক্রান্তি। শনিবার তাঁকে জমকালো সংবর্ধনা দিল মধ্যপ্রদেশ সরকার। নাটকীয়ভাবে সেই মঞ্চেই মুন্না সিংকে চাকরিতে পুনর্বহালের প্রতিশ্রুতি দেওয়া হয়। জীবন কাকে, কখন, কোন বাঁকের মুখে দাঁড় করায় বোঝা দায়!
বিশ্বকাপ জয়ের পর হরমনপ্রীত, স্মৃতি, রিচাদের দুনিয়া পাল্টে গিয়েছে রাতারাতি। জেমাইমাদের সঙ্গে এনডোর্সমেন্ট চুক্তি করতে টাকার থলি নিয়ে ঝাঁপাচ্ছে কর্পোরেট জগৎ। সোশ্যাল সাইটে ফলোয়ার্সও আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, শেফালি ভার্মার ব্র্যান্ড ভ্যালু ৪০ লক্ষ থেকে একলাফে পৌঁছে গিয়েছে ১ কোটিতে। সেমি-ফাইনালের সেরা জেমাইমা রডরিগেজের ক্ষেত্রে অঙ্কটা আরও বেশি। বিশ্বকাপের আগে তাঁর ব্র্যান্ড ভ্যালু ছিল ৬০ লক্ষের কাছাকাছি। অজি বধের পর পরিমাণটা প্রায় দেড় কোটিতে ঠেকেছে। একের পর এক বিজ্ঞাপনের প্রস্তাব পাচ্ছেন তিনি। সোশ্যাল সাইটেও এখন বিপুল জনপ্রিয়তা তাঁর। জেমাইমার ফলোয়ার্স প্রায় ৩.৩ মিলিয়ন। স্মৃতি মান্ধানাও পিছিয়ে নেই। শোনা যাচ্ছে, প্রসাধন সামগ্রী প্রস্তুতকারক একটি সংস্থা চোখ কপালে ওঠার মতো প্রস্তাব দিয়েছে তাঁকে। কয়েকদিন আগেও এমনটা ছিল কল্পনার অতীত। সবমিলিয়ে ২২ গজের বাইরেও তাক লাগাচ্ছে হরমনপ্রীত-ব্রিগেড।