রায়পুর: বিমানবন্দরের লাউঞ্জে আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে বসে ক্রিকেটাররা। কেউ গান শুনছেন। কেউ বা গল্পয় মশগুল। তারই মধ্যে একপাশে জাতীয় নির্বাচক প্রজ্ঞান ওঝার সঙ্গে গভীর আলোচনায় মগ্ন বিরাট কোহলি। কিছু যেন বোঝাচ্ছেন তিনি। আর মন দিয়ে তা শুনছেন প্রজ্ঞান। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল সোমবারের এই ভিডিও। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে শতরানের পর এই বৈঠকের তাৎপর্যই হয়ে উঠেছে আলাদা।
এমনিতেই শোনা যাচ্ছিল যে, প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর বিরাট ও রোহিত শর্মার সঙ্গে বিসিসিআই কর্তারা কথা বলতে চাইছেন। ২০২৭ বিশ্বকাপে দুই মহারথীকে ভাবনায় রেখেই এগোতে চাইছে বোর্ড। তার জন্য বিজয় হাজারে ট্রফিতে দুই তারকার মাঠে নামার উপর জোর দেওয়া হচ্ছিল বেশি করে। কারণ, বোর্ডের নীতি হল অসুস্থ বা জাতীয় দলের ম্যাচ না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। এখন বিরাট আর রোহিত শুধু একটা ফরম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করেন। তাই ম্যাচ-ফিট থাকার জন্যই দু’জনের বিজয় হাজারে ট্রফিতে খেলা দরকার বলে মনে করছিলেন অনেকে।
স্বয়ং বিরাট যদিও রাঁচিতে ম্যাচের সেরা হয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে বেশি ম্যাচ খেলার চেয়ে মানসিক প্রস্তুতিতে তাঁর আস্থা বেশি। অর্থাৎ, ঘরোয়া ক্রিকেটে খেলতে চাইছেন না এমন বার্তাই দেন তিনি। কিন্তু মঙ্গলবার দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট রোহন জেটলি সংবাদ সংস্থাকে বলেন, ‘বিজয় হাজারে ট্রফিতে খেলবে বলে জানিয়েছে বিরাট। তবে কতগুলো ম্যাচ খেলবে তা পরিষ্কার নয়। দিল্লির ড্রেসিং-রুমে ওর উপস্থিতি সবার কাছে বড় অনুপ্রেরণা হতে চলেছে।’ উল্লেখ্য, ২০১০ সালের ফেব্রুয়ারিতে শেষবার এই আসরে নেমেছিলেন বিরাট। এবারের বিজয় হাজারে ট্রফিতে ২৪ ডিসেম্বর অভিযান শুরু করছে দিল্লি। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে বিপক্ষ অন্ধ্রপ্রদেশ। রোহিতও সম্ভবত মুম্বইয়ের হয়ে খেলবেন বিজয় হাজারে ট্রফিতে।