Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

খেতাব রক্ষায় সংকল্পবদ্ধ কোহলি, এক মিনিটও নষ্ট করা যাবে না, সতীর্থদের হুঁশিয়ারি মহাতারকার

গত মরশুমে প্রথমবারের জন্য আইপিএল জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার খেতাব ধরে রাখাই লক্ষ্য আরসিবি’র। আর তার প্রস্তুতিতে এক মিনিটও নষ্ট করা যাবে না, সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি।

খেতাব রক্ষায় সংকল্পবদ্ধ কোহলি, এক মিনিটও নষ্ট করা যাবে না, সতীর্থদের হুঁশিয়ারি মহাতারকার
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০

বেঙ্গালুরু: গত মরশুমে প্রথমবারের জন্য আইপিএল জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার খেতাব ধরে রাখাই লক্ষ্য আরসিবি’র। আর তার প্রস্তুতিতে এক মিনিটও নষ্ট করা যাবে না, সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি। প্রথমবার অনুশীলনে নামার আগে তারকা ব্যাটারের আবেদন, ‘গত দুই-তিনটি মরশুম আমরা প্রচুর ঘাম ঝরিয়েছি। তার পুরস্কারও মিলেছে হাতেনাতে। তবে এবার আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ অন্য দলগুলো আমাদের হারাতে ঝাঁপিয়ে পড়বে। তাই অনুশীলন পর্বে একেবারেই সময় নষ্ট করা যাবে না। বরং তা কাজে লাগাতে হবে। তাই, সবার সুইচ অন করা জরুরি। প্র্যাকটিস সেশনের একটা মিনিটও যেন ফালতু না যায়। সামনের আড়াই মাস আমাদের ১২০ শতাংশ উজাড় করে দিতে হবে।’

Advertisement

কিং কোহলির বার্তাতেই পরিষ্কার, টানা দু’বার ট্রফি জেতার লক্ষ্যে তিনি ঠিক কতটা উদগ্রীব। ভারতে পৌঁছানোর আগে ইংল্যান্ডেই ভিকে শুরু করে দিয়েছিলেন ব্যাটিং প্র্যাকটিস। বেঙ্গালুরুতে এসেও তাঁকে সংকল্পবদ্ধ দেখাচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্যের পরতে পরতে ফুটে উঠেছে সেই তাগিদ। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবার অভিযান শুরু করবে ২৮ মার্চ। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই প্রসঙ্গে দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলব আমরা। শুরুতেই মোমেন্টাম গড়ার এটা দারুণ সুযোগ। সমর্থকরাও আমাদের জন্য গলা ফাটানোর সুযোগ পাবেন। চিন্নাস্বামীর আউটফিল্ড পুরো সবুজ। অসাধারণ দেখতে। আমাদেরও সুন্দর ক্রিকেট উপহার দিতে হবে।’
নিলামে বেঙ্কটেশ আয়ার, মঙ্গেশ যাদব, জর্ডন কক্স, ভিকি অস্টওয়াল ও সাত্ত্বিক দেসওয়ালকে নিয়েছে আরসিবি। এতে স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন  ফ্লাওয়ার। কোচের মতে, ‘আমাদের দল এবার আরও ভালো হয়েছে। দুর্দান্ত কয়েকজন ক্রিকেটারকে নেওয়া হয়েছে দলে। বিরাট ও রজত পাতিদারের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটারদের পাশে পাবে ওরা।’ গতবারের চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যাশার চাপ যে থাকবে, তা স্বীকার করেছেন তিনি। ফ্লাওয়ারের কথায়, ‘এবার আমাদের শার্টে একটা তারা থাকছে। সমস্ত আরসিবি সমর্থকদের কাছে এটা গর্বের। তবে সেই সাফল্য এখন অতীত। সামনে নতুন চ্যালেঞ্জ। এবারের আইপিএলও জিততে চাই। আমাদের টার্গেট সেটাই।’ উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা বলেছেন, ‘আমরা একে অন্যের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলাম। অবশেষে সবাই একটা পরিবার হিসেবে ফের জড়ো হয়েছি। আমিও নিজের দায়িত্ব পালনে প্রস্তুত। কিপিংয়ের পাশাপাশি আরও ভালো ব্যাট করতে চাই।’

সম্পর্কিত সংবাদ