সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের ঢেঙাশোলের জঙ্গলে কনেযাত্রী বোঝাই বাসে ছিনতাইয়ের ঘটনায় এক দুষ্কৃতী গ্রেপ্তার হল। শুক্রবার রাতে পুলিস আগ্নেয়াস্ত্র সহ মজিবুর খান নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের বাড়ি গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে।
Advertisement
পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুরের আধকাটার জঙ্গল থেকে মজিবুরকে গ্রেপ্তার করা হয়। তার বাইক থেকে একটি পাইপগান বাজেয়াপ্ত করা হয়। ছিনতাই হওয়া কিছু গয়নাও উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিস সুপার মকসুদ হাসান বলেন, ছিনতাইবাজরা মূলত কাঠের চোরাকারবারের সঙ্গে যুক্ত। মাঝে মাঝে সুযোগ বুঝে তারা রাস্তায় গাড়ি আটকে ছিনতাই করে। ৩০ নভেম্বর তাদের পাঁচজনের দল দু’টি বাইকে ঢেঙাশোলের জঙ্গলে আসে। জঙ্গলের রাস্তায় গাছ ফেলে কনেযাত্রীদের বাস আটকে নগদ টাকা, লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে। ঘটনার পরদিন সাদেক আলি মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে আধকাটার জঙ্গলের রাস্তায় ওই দুষ্কৃতীদলের মূল পাণ্ডা মজিবুরকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়। সে ও তার দলবল ওই এলাকায় ফের ছিনতাইয়ের জন্য রেইকি করছিল। চলতি বছরের ৩০ নভেম্বর বাঁকুড়ার ইন্দাস থেকে তালডাংরার শালতোড়া-মুড়াকাটি গ্রামে কনেযাত্রীর বাসটি এসেছিল। যাত্রীরা খাওয়াদাওয়া করে রাত দেড়টা নাগাদ ফিরছিলেন। ঢেঙাশোলের জঙ্গলে দুষ্কৃতীরা একটি আকাশমণি গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। বাসটি দাঁড়িয়ে পড়লে তারা ভিতরে ঢুকে চালকের কাছে থাকা ৩০হাজার টাকা, যাত্রীদের নগদ টাকা ও মহিলা যাত্রীদের গয়না ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে বিষ্ণুপুর থানা ও আমডাংরা ফাঁড়ির পুলিস এলাকায় পৌঁছে বিভিন্ন জঙ্গলে তল্লাশি চালায়। পরদিন গড়বেতা থেকে সাদেককে গ্রেপ্তার করা হয়।



