সংবাদদাতা, কান্দি: অনলাইন পেমেন্ট বন্ধ। তার উপর পকেটে নগদ টাকা নেই, এই অবস্থায় ধার শোধ করতে বলায় বৃদ্ধ ব্যবসায়ীকে মারধর করল এক যুবক। ব্যবসায়ীর মাথায় লোহার রডের আঘাত করলে তিনি মারাত্মকভাবে জখম হন। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরের এই ঘটনা কান্দি থানার যশোহরি গ্রামের।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের গ্রামে একটি স্টেশনারি দোকান রয়েছে। সেখানে কয়েকদিন আগে গ্রামের এক যুবক ৪৫ টাকার সামগ্রী বাকিতে নিয়ে যান। এরপর থেকে তিনি আর দোকানে আসেননি। কিন্তু এদিন দোকানে আসতেই বৃদ্ধ বকেয়া টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ, এরপর হঠাৎ করেই ওই যুবক একটি লোহার রড এনে দোকানের ভিতরেই বৃদ্ধর মাথায় আঘাত করে। তাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান বৃদ্ধ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বৃদ্ধ বজল শেখ বলেন, ছেলেটি পকেটে টাকা নেই ভালো করে বললেই পারত। কিন্তু কথাবার্তা নেই লোহার রড আমার মাথায় বসিয়ে দিল। যদিও অভিযুক্ত যুবক বলেন, অনলাইন চালু থাকলে কোনও কথা ছিল না। এমন একটি অবস্থায় বকেয়া চাইছেন যে সময় আমার পকেটে একটিও নগদ টাকা নেই। রাগ সামলাতে না পেরে আমি তাঁকে আঘাত করেছি।



