সংবাদদাতা, কান্দি: যাত্রীবাহী বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছেন টোটো চালক সহ আরও দুই যাত্রী। জখমদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলের ওই ঘটনা মুর্শিদাবাদের কান্দি সালার রাজ্য সড়কের ভরতপুর থানার চোঁয়াতোর ব্রিজের কাছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম হাসি বেগম (৩৮)। মৃতার বাড়ি ভরতপুর অঞ্চলপাড়ায়। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই মহিলা চিকিৎসার জন্য কান্দি গিয়েছিলেন। এরপর বিকেলের দিকে তিনি কান্দি কালীবাড়ি রোড এলাকা থেকে টোটোয় চড়ে বাড়ি ফিরছিলেন। ওই টোটোতে এক নাবালক সহ আরও এক যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। রাজ্য সড়কের চোঁয়াতোর ব্রিজ পেরোনোর পর সামনে কান্দিমুখী একটি যাত্রীবাহী বাস চলে আসে। রাস্তার বটতলা বাঁক ঘোরার পরেই টোটো ও বাসের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় টোটোর ছাদ উড়ে অনেকটা দূরে গিয়ে পড়ে। যাত্রীরাও টোটো থেকে ছিটকে এদিক ওদিকে পড়ে যান। যদিও দুর্ঘটনার পর বাসটি দ্রুত গতিতে কান্দির দিকে চলে যায় বলে স্থানীয়দের দাবি।



