নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল হরিহরপাড়ায়। রবিবার বিকেলে রুকুনপুর থেকে প্রতাপপুর যাওয়ার রাস্তায় কান্দিপাড়ার কাছে এক দম্পতি স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় মহিলার গলার সোনার হার ছিনতাই করে পালায় এক দুষ্কৃতী।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থেকে রুকুনপুরের মণ্ডলপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন মানসী বিশ্বাস ও তাঁর স্বামী। মানসী দেবীর গলায় একটি সোনার হার ছিল। কান্দিপাড়ার কাছে একটি দ্রুতগতির বাইক নিয়ে ছিনতাইকারী এসে হার ছিঁড়ে নিয়ে পালায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই দম্পতি। হরিহরপাড়া থানার পুলিসকে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। তাঁরা বলেন, দিনে দুপুরে এমন ঘটনা ঘটবে আমরা ভাবিনি। খুবই আতঙ্কিত সকলে। পুলিসের দ্বারস্থ হয়েছি। হরিহরপাড়া থানার এক পুলিস অফিসার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কালো রঙের একটি বাইকে করে এসে এই ছিনতাই করা হয়েছে বলে জানতে পেরেছি। ছিনতাইকারীকে ধরার চেষ্টা চলছে।



